২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে নারী উদ্যোক্তাদের কম সুদে ঋণদানসহ জরুরিভিত্তিতে চারটি বিশেষ পদক্ষেপ নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন । তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে নারী উদ্যোক্তাদের কম সুদে ঋণদানসহ জরুরিভিত্তিতে চারটি বিশেষ পদক্ষেপ নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন । তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন। বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিতীয় জাতীয় নারী এসএমই উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ''মেধা, শ্রম, উদ্যোগ ও সৃজনশীলতার দিক দিয়ে নারী শিল্প উদ্যোক্তারা অন্য কারো থেকে কোনো অংশে কম নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সহায়তায় এই খাতে একটি সুষ্ঠু ও টেকসই ঋণ ব্যবস্থা সৃষ্টি করা এখন খুবই প্রয়োজন।'' ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চারটি বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, বিদ্যমান সুদের হার হ্রাস করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রদান সহজতর ও সহজলভ্য করতে হবে। ঋণ বিতরণ কার্যক্রমকে দ্রুততর ও সহজসাধ্য করার লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এসএমই ইউনিট বা ডেস্ক স্থাপন ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। আর এ লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পৃথক ব্যবসায়িক কৌশল নির্ধারণ করতে হবে। এছাড়া এসএমই-বান্ধব কর, শুল্ক ও ভ্যাট কাঠামো নির্ধারণেরও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের মত ও পথের ভিন্নতা থাকতে পারে। কিন্তু গন্তব্য অভিন্ন। আর তা হলো-জাতীয় উন্নয়ন ও সকল ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন। 'অমিত সম্ভাবনার' এই দেশকে শান্তি ও সমৃদ্ধির কাঙ্খিত ঠিকানায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব মিয়া ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পারভীন মাহবুব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৩৩৫ঘ.