২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিকেএমইএ-এর শ্রমিক উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে শুক্রবার শ্রমিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ আয়েজিত এ উৎসবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার এলাকার নিট পোশাক কারখানাগুলোর ৫০ হাজারেরও বেশি শ্রমিক অংশ নেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে শুক্রবার শ্রমিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ আয়েজিত এ উৎসবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার এলাকার নিট পোশাক কারখানাগুলোর ৫০ হাজারেরও বেশি শ্রমিক অংশ নেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করেন বিকেএমইএ সভাপতি ফজলুল হক। বাংলাদেশে এটি এ ধরনের প্রথম উৎসব বলে জানান তিনি। বিকেলে উৎসবে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শ্রমিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় হোসেন জিল্লুর বলেন, "বিএকএমইএ-এর মত অন্য শিল্প মালিকরাও আগামীতে এমন অনুষ্ঠানের আয়োজন করবে বলে আশা করি।" সকালে অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামের গ্যালারি নারী ও পুরুষ শ্রমিকে পূর্ণ হয়ে যায়। শ্রমিক উৎসব উপলক্ষে ওসমানী স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা সাজানো হয়। উৎসব উপলক্ষে র‌্যাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অনুষ্ঠানস্থলে দমকল, প্রাথমিক স্বাস্থ্য সেবা ও বিভিন্ন এনজিও'র স্টল ছিল। স্টেডিয়ামের ভেতর উৎসব মঞ্চে শ্রমিকরা পরিবেশন করে ফ্যাশন শো, যেমন খুশি তেমন সাজ, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, কৌতুক, যাদু প্রদর্শন, পালাগান, নাটকসহ নানা প্রতিযোগিতা। বিনামূল্যে দেওয়া লটারি কূপন বিজয়ী শ্রমিকদের বেশ কয়েকটি রঙ্গীন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। যেমন খুশী তেমন সাজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও কয়েকটি রঙ্গীন টেলিভিশন দেওয়া হয়। এছাড়া উৎসবে উপস্থিত প্রায় ৫০ হাজার শ্রমিকের প্রত্যেককে একটি করে গিফট বক্স দেওয়া হয়। স্টেডিয়ামের বাইরের মাঠে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এতে ছিল বানর নাচ, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ, হাতি ও ঘোড়ার পিঠে চড়াসহ নানা আয়োজন। এখানে বিকেএমইএ সভাপতি ফজলুল হক এখানে ঘোষণা দেন, "এখন থেকে প্রতি বছর নিট এক্সপোজিশনের বর্ধিত কর্মসূচি হিসেবে শ্রমিক উৎসবের আয়োজন করা হবে।" তিনি আরও বলেন, "যেসব শ্রমিকের গান ও নাচে যোগ্যতা রয়েছে তাদের নিয়ে আগামীতে নিট এক্সপোজিশন চলাকালে হোটেল শেরাটনে অনুষ্ঠান করা হবে।" রাতে শ্রমিক উৎসবে সঙ্গীত পরিবেশন করেন মমতাজ ও বারী সিদ্দিকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৫ ঘ.