২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে বছরে এক লাখ টন শস্য আমদানির পরিকল্পনা

আপৎকালীন সংকট মেটাতে মিয়ানমার থেকে বাংলাদেশ বছরে অন্তত এক লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করবে। দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ, ভিসা, ব্যাকিংসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উভয় দেশের সরকার দ্রুত উদ্যোগ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপৎকালীন সংকট মেটাতে মিয়ানমার থেকে বাংলাদেশ বছরে অন্তত এক লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করবে। দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ, ভিসা, ব্যাকিংসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উভয় দেশের সরকার দ্রুত উদ্যোগ নেবে। নতুন করে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ ও মিয়ানমারের সরকার এ ঐকমত্যে পৌঁছেছে। মিয়ানমারের পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ইউ সো থা এবং বাণিজ্যমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল টিন নেইং থিন এর সঙ্গে বুধবার সন্ধ্যায় মতিঝিলে এফবিসিসিআই মিলিনায়তনে একান্ত বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের এ সব কথা বলেন। এর আগে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) আয়োজনে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, "আমরা নিয়মিতভাবে মিয়ানমার থেকে খাদ্য আমদানি করতে চাই। বর্তমান পেক্ষাপট বিবেচনায় রেখে দেশের বাম্পার মজুদ গড়ে তুলতে আমরা প্রতি বছর মিয়ানমার থেকে এক লাখ টন খাদ্য আমদানি করার প্রস্তাব দিয়েছি। আর এ জন্য দু দেশের মধ্যে দীর্ঘমেয়াদি একটি চুক্তিরও প্রস্তাব করেছি। তারা প্রস্তাবে সম্মতি দিয়েছে।" "নিকট প্রতিবেশি হওয়া সত্ত্বেও দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক খুবই করুণ। গত অর্থ বছরে বাংলাদেশ মিয়ানমারে মাত্র ৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে মিয়ানমার করেছে ১০০ মিলিয়ন ডলারের রপ্তানি। আমরা চাই এ বাণিজ্য আগামী দু-এক বছরের মধ্যে ৫০০ মিলিয়ন ডলারে পৌঁছাক। আর এ ক্ষেত্রে যেসব সমস্যা আছে তা দু'দেশের সরকারি পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।" হোসেন জিল্লুর জানান, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে কিছু নতুন কৌশল নেওয়া হয়েছে। সেই কৌশলের অংশ হিসেবেই মিয়ানমারের সঙ্গে এই উদ্যোগ। বৈঠকে মিয়ানমারের মন্ত্রীরা বাণিজ্য উপদেষ্টাকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দল নিয়ে মিয়ানমার সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মাসে এরকম একটি প্রতিনিধিদল মিয়ানমার যাবে বলে তিনি তাদের বলেছেন। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ইয়াংগুনে বাংলাদেশী পণ্যের একটি মেলা অনুষ্ঠিত হবে বলে বাণিজ্য উপদেষ্টা জানান। এফবিসিসিআই-এর মতমিনিময় সভায় ইউ সো থা বলেন, "সরকারি ও বেসরকারি খাতের যৌথউদ্যোগে দু'দেশের মধ্যে নতুন বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে হবে। আর এ জন্য সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, ভিসা ও ব্যাকিংসহ বিভিন্ন ক্ষেত্রে দু দেশের মধ্যে যে সব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।" তিনি বলেন, "মিয়ারমারের রপ্তানি বাণিজ্য এখন ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর রপ্তানির মাত্র ১ দশমিক ৩ শতাংশ রপ্তানি হয় বাংলাদেশে। অন্যদিকে বাংলাদেশও খুবই অল্প পরিসরে মিয়ানমারে পণ্য রপ্তানি করে। অথচ বাংলাদেশের সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে মিয়ানমারে।" প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে দুই দেশের মধ্যে সম্ভাবনাময় বাণিজ্য সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ইউ সো থা। বাণিজ্য মন্ত্রী টিন নেইং থিন বলেন, "ভিসা সমস্যা সমাধানে খুব দ্রুত দু'দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হবে। একইভাবে সরাসরি বিমান যোগাযোগসহ অন্যান্য সমস্যা সমাধানেও দু দেশের সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।" মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উস্থাপন করেন বাংলাদেশ-মিয়ানমার বিজনেস প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, বাণিজ্যসচিব ফিরোজ আহমেদ, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদুত মেজর জেনারেল আবু রুশদ রোকনউদ্দৌলা, মিয়ানমার ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির চেয়ারম্যান উয়িন মাইন্ট প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২২০৬ ঘ.