২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার

সিমেন্ট, বিদ্যুৎ, ইন্সুরেন্স ও ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়ায় বুধবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আর্থিক সমন্বয় সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় রোববার থেকে পুঁজিবাজারে মন্দাভাব চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিমেন্ট, বিদ্যুৎ, ইন্সুরেন্স ও ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়ায় বুধবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আর্থিক সমন্বয় সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় রোববার থেকে পুঁজিবাজারে মন্দাভাব চলছিল। ক্রমাগত ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের লাগাম টেনে ধরতে রোববার এসইসি 'বি' 'জি' ও 'এন' ক্যাটাগরির শেয়ার লেনদেনের ক্ষেত্রে আর্থিক সমন্বয় সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সোমবার 'এ' ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রেও এই সুবিধা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার থেকে এটি কার্যকর করা হয়। বুধবার দুপুর পর্যন্ত লেনদেন বাড়লেও কয়েকটি প্রতিষ্ঠান লভ্যাংশ তুলে নেওয়ার পর লেনদেন আবার কমতে শুরু করে। তবে শেষ পর্যন্ত মঙ্গলবারের চেয়ে ভালো অবস্থা নিয়েই শেয়ার বাজার দিন শেষ করে। এআইএমএস বাংলাদেশ এর প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, "বাজার স্থিতিশীলতার দিকে এগুচ্ছে। আমার মনে হয়, ধীরে ধীরে তেজীভাব ফিরে আসবে।" রোববারের বাজারে ইন্সুরেন্স, বিদ্যুৎ ও সিমেন্ট খাতের শেয়ারের দাম বেড়েছে। ব্যাংক, ওষুধ ও মিউচুয়াল খাতের শেয়ারের দাম ওঠা-নামার মধ্যে ছিল। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) আগের দিনের লেনদেনের হিসাব শেষ করতে না পারায় করতে সকালের অংশে স্পট মার্কেটের লোনদেন বন্ধ ছিল। ঘণ্টা দুই পর লেনদেন শুরু হয়। এ বিষয়ে সিডিবিএল এর প্রধান নির্বাহী এম এইচ আব্দুস সামাদ বলেন, "সাবধানতা হিসেবে লেনদেন দুই ঘণ্টার জন্য লেনদেন বন্ধ রাখা হয়েছিল। লেনদেনের চাপ বাড়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৯ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ২৩৯৪ দশমিক ১১ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২১ দশমিক ৮১ পয়েন্ট বা এক দশমিক ১২ শতাংশ বেড়ে ১৯৫৮ পয়েন্ট হয়। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩২ দশমিক ৬৫ পয়েন্ট বা এক দশমিক ৪৮ শতাংশ কমে ২১৫৯ দশমিক ৬২ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯২ কোটি ৯৮ লাখ টাকা। এই বাজারে মঙ্গলবার ১১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। দিনশেষে ডিএসইতে ১৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ও নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক বাড়লেও সিএসই-৩০ সূচক কমেছে। সিএসইতে বুধবার ১৬ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকা। সিএসইতে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৬টির দাম কমেছে এবং ২টির দাম অপরিবর্তিত ছিল। বুধবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার মোট লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৩৪ লাখ টাকা। তাদের শেয়ারের দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে হয়েছে ৫২৯৮ টাকা ৭৫ পয়সা। রূপালী ব্যাংকের শেয়ারের দাম ২২ দশমিক ৩১ শতাংশ বেড়ে ১৪২৯ টাকা ৫০ পয়সা হয়। সৌদি যুবরাজ বন্দরের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের 'সম্ভাবনা' এই ব্যাংকের শেয়ারের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তৃতীয় অবস্থানে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম দিনশেষে ৩৩৯৪ টাকা ৭৫ পয়সায় দাঁড়ায়। এছাড়া লভ্যাংশ তুলে নেওয়ায় সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৩ শতাংশ কমে ৫৭৫ টাকা ২৫ পয়সা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের শেয়ার এক দশমিক ৬২ শতাংশ বেড়ে ৯৮৩ টাকা ২৫ পয়সা হয়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল অলিম্পিক, অগ্রণী ইন্সুরেন্স ও রূপালী ব্যাংক। ক্ষতিগ্রস্তদের তালিকার প্রথমদিকে ছিল জিকিউ বলপেন, নিলয় সিমেন্ট ও ড্যান্ডি ডাইং। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২২৪৩ ঘ.