ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইলিশের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫০ টাকার মতো কমেছে। তবে দাম কমলেও ঝুম বৃষ্টির ছুটির দিনে খিচুরির সঙ্গে ইলিশ খাওয়ার সাধ আর মধ্যবিত্তের সাধ্যের ব্যবধান এখনো অনেক। শুক্রবার মোটামুটি এককেজি মাপের ইলিশ সাড়ে তিন থেকে চারশ টাকায় বিক্রি হচ্ছিল ঢাকার বাজারগুলোতে।
তাছাড়া গত সপ্তাহে চাল, সয়াবিন তেল, পাম তেল, আটা, ময়দা ও পেঁয়াজের দাম আবার বেড়েছে।
হাতিরপুল বাজারের মাছ ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, একমাসে ছোটো ইলিশের দাম কিছুটা কমছে। বাজারে সরবরাহও পর্যাপ্ত। সেই তুলনায় বড় ইলিশের দামও তেমন কমেনি, সরবরাহও কম।
ছুটির দিনে হাতিরপুল বাজার ইলিশ কিনতে এসে ব্যাংক কর্মকর্তা সাহানা সুলতানা জামান বললেন, "ইলিশ তো ধরাই যায় না। এককেজির ইলিশ কিনলে দুই বেলার বেশি খাওয়া যায় না। ছুটি আর বৃষ্টি মিলিয়ে পরিবারের সবাই ইলিশ-খিচুরি খেতে চাইল বলে সাড়ে তিনশ টাকায় এককেজি ওজনের একটা ইলিশ কিনলাম। গত সপ্তাহে দাম করেও কিনতে পারিনি।"
বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) বৃহস্পতিবারের বাজার দরের তালিকায় ইলিশের দাম কেজিতে তিনশ টাকা দেখানো হলেও শুক্রবার হাতিরপুল, নিউ মার্কেট, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজার ঘুরে ক্রেতা আর বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল ওই দামে ইলিশ পাওয়া কঠিন।
ইলিশের দাম কমলেও গেল সপ্তাহে চাল, সয়াবিন তেল, পাম তেল, আটা, ময়দা ও পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। টিসিবির বৃহস্পতিবারের বাজার দরের তালিকায় বলা হয়েছে, গত এক মাসে (২৬ জুন থেকে ২৬ জুলাই) চালের দাম মোটা-সরু মিলিয়ে গড়ে ৬ শতাংশের বেশি বেড়েছে। আগের বছরের এই সময়ের চেয়ে চালের দাম এখন ২০ শতাংশ বেশি।
আটার দামও জুনের শেষ সপ্তাহের চেয়ে ১৫ শতাংশের বেশি বেড়েছে। চলতি মাস থেকে কার্যকর হওয়া বাজেটে সয়াবিন তেলের আমদানি শুল্ক তুলে নেওয়া হলেও সয়াবিনের দাম বাড়ছেই। এক মাস আগের চেয়ে দাম এখন সাড়ে তিন শতাংশ বেশি। এক সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হলেও সপ্তাহ শেষে বিক্রি হচ্ছে ৭৩ টাকায়। পেঁয়াজের দামও এক সপ্তাহে কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। শুধু ডালের দাম দুই সপ্তাহ ধরে ৫৮ থেকে ৭৬ টাকায় স্থির রয়েছে।
এছাড়া ডিমের দাম হালিতে ১৭-১৮ থেকে বেড়ে ১৮-১৯ টাকা হয়েছে। গুড়োদুধের দাম খোলা বাজারে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ডানোর দুই কেজির প্যাকেট ৯৬০ থেকে বেড়ে ৯৭০ টাকা এবং মিল্কভিটার এককেজির প্যাকেট ৩৮৫ থেকে বেড়ে ৩৯০ টাকা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/২০৫৮ ঘ.
bdnews24