বর্জ্য শোধনাগার স্থাপনে আরো সময় চান বস্ত্রশিল্প মালিকরা
বস্ত্র শিল্প মালিকরা সমন্বিত বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের সময়সীমা বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
রোববার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত “টেক্সটাইল খাতের সম্ভবনা ও সমস্যা” শীর্ষক এক সেমিনারে বস্ত্র শিল্পের উদ্যোক্তারা বলেন, সরকারের বেঁধে দেওয়া সময় অর্থাৎ আগামী অক্টোবরের মধ্যে ইটিপি স্থাপন সম্ভব না। এ জন্য আরো সময় প্রয়োজন।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপত্বিতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রশিদ সরকার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাবেক মহা পরিচালক (টেক্সটাইল) আব্দুল কাইয়ুম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি আব্দুল হাই সরকার ও বাংলাদেশ বাইয়িং হাউজ অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল কাইয়ুম বক্তব্য দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অর্থনীতিবিদ মকবুল আহমেদ।
আব্দুল হাই সরকার বলেন, বড় ও মাঝারি আকারের টেক্সটাইল শিল্প ছাড়া অন্য কারখানাগুলোর পক্ষে এককভাবে ইটিপি স্থাপন সম্ভব নয়। তবে সরকার সহায়তা দিলে ছোট ও মাঝারি কারখানাগুলো গুচ্ছ পদ্ধতিতে ইটিপি স্থাপন করতে পারে।
তিনি আরো বলেন, বস্ত্র শিল্পের স্থিতিশীলতা বজায় রেখে ইটিপি স্থাপন করতে কয়েক বছর সময় প্রয়োজন। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেড় কোটি টাকা খরচ করে ইটিপি স্থাপন করতে গেলে ছোট ছোট কারখানাগুলো ঝুঁকির মুখে পড়বে।
বস্ত্র শিল্পে সরকারি সহায়তার দাবি জানিয়ে উদ্যোক্তারা বলেন, এ খাতে এরই মধ্যে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই খাতের বিনিয়োগ ঝুঁকি কমাতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে।
বস্ত্রশিল্পের বিভিন্ন ক্ষেত্রে সুতার বিকল্প হিসেবে পাট ব্যবহারের আহবান জানিয়ে সচিব আব্দুর রশিদ সরকার বলেন, আন্তর্জাতিক বাজারে সুতার চেয়ে পাটের দাম অনেক কম। কয়েকটি দেশ ইতোমধ্যে সুতার বিকল্প হিসেবে পাট ব্যবহার শুরু করেছে।
