২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ইউনাইটেড গ্রুপ

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেড) ৩ কোটি ২০ লাখ ডলার ব্যয়ে ৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (বিনিয়োগ উন্নয়ন) প্রশান্ত ভূষণ বড়ুয়া ও ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান রোববার এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ।

চুক্তি অনুযায়ী ইউনাইটেড গ্রুপের পক্ষে মেসার্স মালঞ্চ হোল্ডিং কোম্পানি আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে এবং ওই কেন্দ্র থেকে ৩৬০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।

এ প্রসঙ্গে আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বলেন, এক বছরের মধ্যে কেন্দ্রটি স্থাপন করা হবে। এই সময়ের মধ্যে কেন্দ্র স্থাপনে ব্যর্থ হলে অতিরিক্ত সময়ের জন্য ক্ষতিপূরণ দেবে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, পরবর্তীতে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াটে উন্নীত করা হবে। ওই কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ঢাকা ইপিজেডের ৮৮টি প্রতিষ্ঠানে পিক আওয়ারে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। অফ-পিক আওয়ারে আশেপাশের এলাকাতেও বিদ্যুৎ দেওয়া হবে।

ডিইপিজেড এর চাহিদা মেটানোর পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রিও করতে পারবে তারা।

গত মার্চ মাসে বেপজার ২৫তম পরিচালনা পরিষদের বৈঠকে ঢাকা ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার দেওয়ার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়।