২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার

টানা একমাসের দরপতনের পর ব্যাংকিং খাতের শেয়ারের ওপর ভর করে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। রাজনীতির অচলাবস্থা নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কা কিছুটা কমে আসায় বাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই চাঙ্গাভাব টেকসই হবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 10:41 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বাজারে লেনদেন বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূলধনের পরিমাণ গত বৃহস্পতিবার ৪০ হাজার ৪শ’ ৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা ২০০৫-২০০৬ অর্থ বছরের মোট জাতীয় আয়ের (জিডিপি) প্রায় দশ শতাংশ।

বাজারের এই উর্ধ্বগতি অব্যাহত থাকবে কিনা এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে খুব শিগগিরই বাজার পড়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে ভালো মানের শেয়ারের যোগান না বাড়লে দ্রুত দাম বাড়ার সম্ভবনাও কমে যাবে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বলেছে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। এর আগে বাংলাদেশ ব্যাংক প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশ হবে বলে ভবিষ্যতবাণী করেছিল।

তত্ত্ববধায়ক সরকার দুর্নীতি বিরোধী ও কর ফাঁকির বিরুদ্ধে অভিযান শুরু করার পর শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। দেশের প্রধান দুই দলের নেত্রীর চলাফেরা ও দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারির কারণে বিনিয়োগকারীরা সাবধানী হয়ে ওঠেন।

গত সপ্তাহের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক ২ দশমিক ৬১ শতাংশ বা ৪৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৭৬২ দশমিক ৩৬ পয়েন্ট হয়। ভালোমানের শেয়ারের সূচক বা ডিএসই-২০ মূল্যসূচক ৫৪ দশমিক ৩৮ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ১৪১৯ দশমিক ৬৬ পয়েন্ট হয়।

এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৮ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১৪৯৬ দশমিক ৯২ পয়েন্ট হয়।

ইক্যুইটি পার্টনারস সিকিউরিটিজের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম বলেন, সরকার সম্প্রতি আর্থিক লেনদেনের তথ্য চাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। বাজারের গতি ধরে রাখতে হলে সৎ বিনিয়োগকারীরা যাতে অহেতুক হয়রানীর শিকার না হন সরকারকে তা নিশ্চিত করতে হবে।

শেয়ার বাজার বিশ্লেষক মইন আল কাশেম বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় থাকলে বাজার ভালো থাকবে। তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও দেশের

ভবিষ্যত পরিস্থিতি কেমন হবে সেটাই এখন বিনিয়োগকারীদের প্রধান চিন্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক লংকা বাংলা সিকিউরিটিজের একজন উর্ধ্বতন কর্মকতা বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, বাজার আরও চাঙ্গা হওয়ার সম্ভবনা আছে। বিনিয়োগকারীদের উচিত এখনই বিক্রি না করে শেয়ার ধরে রাখা।