ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সার্ক মহাসচিব লিওনপো চেঙ্কিয়াব দর্জি বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে প্যারা-ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করতে হবে। তিনি বলেছেন, শুধু ট্যারিফ বা শুল্ক কমিয়ে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানো যাবে না বলেই এ বিষয়টিকে গুরুত্বসহকারে দেখতে হবে।
শনিবার রাজধানীর শেরাটন হোটেলে সার্ক অর্থনৈতিক সহযোগিতা কমিটির দুদিনব্যাপী বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্জি বলেন, "আঞ্চলিক বাণিজ্য বাড়াতে প্যারা-ট্যারিফ ও নন-ট্যারিফ বাধাগুলোর ব্যাপারে আমাদের যত শিগগির সম্ভব মনযোগ দেওয়া ও সেগুলো দূর করা প্রয়োজন।"
সার্ক মহাসচিব এ বিষয়ে চলতি বছর আগস্টে পাকিস্তানে অনুষ্ঠিত নন-ট্যারিফ বাধা সংক্রান্ত উপ-কমিটির বৈঠকের কথা উল্লেখ করেন।
ওই বৈঠকে নন-ট্যারিফ ও প্যারা-ট্যারিফ বাধা দূর করতে প্রাথমিক পদক্ষেপের একটি তালিকা করা হয়।
লিওনপো দর্জি বলেন, "এখন এসব পদক্ষেপ বাস্তবায়ন করার দায়িত্ব সদস্য দেশগুলোর।"
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের আটটি সদস্য দেশের বাণিজ্য সচিবরা সার্ক অর্থনৈতিক সহযোগিতা কমিটির (সার্ক-সিইসি) এ বৈঠকে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ সার্ক-সিইসির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
ঢাকায় চলমান এ বৈঠক কমিটির ত্রয়োদশ বৈঠক। এর আগে ২০০৪ সালে পাকিস্তানে কমিটির বৈঠক হয়েছিল।
সার্ক মহাসচিব বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজতর করার জন্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার ক্ষেত্রে ত্রয়োদশ ও চতুর্দশ সার্ক সম্মেলনের গুরুত্ব অনেক।
তিনি বলেন, " পণ্য পরিবহন করা ও পরিবহনের জন্য যোগাযোগ গড়ে তোলা ধারণাগতভাবে যেমন তেমনি কাজের দিক থেকেও গুরুত্বপূর্ণ।
এর পরিপ্রেক্ষিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রেল, সড়ক, বিমান ও জলপথে একটি সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারলে সেটা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পরিবহনের খরচ কমাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।"
দুদিনের সার্ক-সিইসি বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হবে।
এছাড়া সাফটা চুক্তির (এসএএফটিএ) আওতায় সেবা খাতে বাণিজ্য সম্ভাবনার ওপর সমীক্ষার বর্তমান অবস্থাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করবেন বাণিজ্য সচিবরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএসবি/এসকে/০১৩৫ঘ.
bdnews24