২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ থেকে সার ও জ্বালানি তেল চোরাচালান কমেছে -- বিডিআর

গত দুই-তিন মাসে দেশ থেকে সার চোরাচালান কমেছে। আগস্ট-সেপ্টেম্বরে বাড়লেও গত দুই মাসে জালানি তেলেরও চোরাচালান কমে গেছে। সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এ দাবি করেছে। বিডিআর এর কর্মকর্তা সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্ণেল নাসের আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশ থেকে সার ও জ্বালানী তেল চোরাচালানের হার অনেক কমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 06:10 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গত দুই-তিন মাসে দেশ থেকে সার চোরাচালান কমেছে। আগস্ট-সেপ্টেম্বরে বাড়লেও গত দুই মাসে জালানি তেলেরও চোরাচালান কমে গেছে। সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এ দাবি করেছে। বিডিআর এর কর্মকর্তা সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্ণেল নাসের আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশ থেকে সার ও জ্বালানী তেল চোরাচালানের হার অনেক কমে গেছে। সার ও তেল চোরাচালান রোধের জন্য সীমান্তে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।" সীমান্ত এলাকার পেট্রোল পাম্পগুলোকে কড়া নজরদারিতে রাখা হয় জানিয়ে তিনি বলেন এসব জায়গায় মহাসড়ক ছাড়া সব তেলের পাম্প রাতে বন্ধ রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর এর অন্য এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় সীমান্তবর্তী এলাকায় অগভীর নলকূপের সংখ্যা বেশি। সাধারণত এসব নলকূপে ব্যবহারের কথা বলে জ্বালানি তেল সীমান্তের কাছে নেওয়া হয়। পরে সুযোগ বুঝে ওপারে পাচার করা হয়। তিনি বলেন, সীমান্তে সার ও তেল উদ্ধারের পরিমাণ দেখে সর্বশেষ অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। সীমান্তে দু'পক্ষেরই কড়াকড়ির কারণে এটা আগের তুলনায় হ্রাস পেয়েছে। ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ সম্মেলনে এ নিয়ে বিডিআর ও বিএসএফ এর মধ্যে আলোচনাও হয়েছে। ওই কর্মকর্তা জানান, বাংলাদেশে তেলের দাম বৃদ্ধিও চোরাচালান হ্রাস পাওয়ার অন্যতম কারণ। এখন প্রায় সব পর্যায়েই লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা দামের পার্থক্য রয়েছে। সারের ক্ষেত্রে ভর্তুকি না দিয়ে সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা গেলে চোরাচালান আরও কমে যাবে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, সীমান্তের ৫ মাইল এলাকায় নির্ধারিত কার্ডছাড়া তেল বহন ও উত্তোলন করা নিষিদ্ধ। উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার স্বাক্ষরিত কার্ড দেখিয়েই কেবল তেল উত্তোলন করা যায়। বিডিআর এর গত ৩ মাসের সীমান্ত এলাকা থেকে জ্বালানী তেল ও সার উদ্ধারের পরিসংখ্যান থেকে জানা গেছে, আগস্ট মাসে ৩৭ হাজার কেজি সার উদ্ধার করা হয়। অক্টোবর মাসের ৭ তারিখ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৬ হাজার কেজি। অন্যদিকে সেপ্টেম্বরে প্রায় দুই হাজার লিটার তেল উদ্ধার করা হলেও অক্টোবরে উদ্ধার হয় এক হাজার লিটার। আগস্ট মাসে উদ্ধার হয়েছিল ৫২৯ লিটার তেল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/০০০১ঘ.