২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠায় ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি

নতুন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে তত্ত্বাবধায়ক সরকার। বুধবার ১ হাজার ১৩৩ কোটি টাকার চুক্তিটি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

‘ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড’এর সঙ্গে চুক্তিটি সম্পাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগী প্রতিষ্ঠান ‘ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ’ (ইজিসিবি)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রটির নির্মানকাল হিসেবে বেঁধে দেওয়া হয়েছে ২০০৮ সালের ডিসেম্বর মাস। চালু হওয়ার পর কেন্দ্রটি এর দুটি ইউনিটের মাধ্যমে জাতীয় গ্রিডে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মুখপাত্র বজলুল হক নফহবংি২৪.পড়স কে জানান, প্রকল্পে আংশিক বিনিয়োগ করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর পরিমাণ প্রায় ৭৭০ কোটি টাকা (১০৯.৮৬৪ মিলিয়ন ডলার)।

পিডিবির অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেন,  বিদ্যুতের ওপর দেশের উন্নয়ন নির্ভরশীল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার এই খাতের উন্নয়নে প্রয়োজনে আরো চুক্তি করবে। তিনি বলেন, “সম্ভাব্য দ্রুততম সময়ে প্রকল্পটি শেষ করার জন্য আমরা আপনাদের (ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড) সর্বাত্মক সহায়তা দেব। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্থিতি আনতে চলমান বিদ্যুৎ সংকট থেকে দেশকে যেভাবেই হোক মুক্তি দিতে হবে।” অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী।

ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের প্রধান নির্বাহী রবীন্দ্র বেলাপুকার জানিয়েছেন প্রকল্পটি নির্দিষ্ট সময়েই শেষ করতে তারা চেষ্টা করবেন ।

প্রকল্পের খুঁটিনাটি থেকে জানা গেছে, এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ পড়বে প্রতি ইউনিট ২ দশমিক ০১৪ টাকা।  অন্যদিকে পিডিবির গড়পড়তা বিদ্যুৎ উৎপাদন খরচ ইউনিট প্রতি ১ টাকা ৯৬ পয়সা।

গত বছর অক্টোবরে সরকার প্রকল্পটির জন্য টেন্ডার ডাকে। প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি হারবিন পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় নির্মাণের দায়িত্ব পায় ভারতীয় কোম্পানিটি। বাংলাদেশে অবশ্য ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের এটিই প্রথম প্রকল্প নয়। এর আগে, গত বছর সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করে তারা।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সোমবার উপদেষ্টাদের এক বৈঠকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জ্বালানি খাতে জরুরি একসালা কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছিলেন। কয়েকবছর ধরেই বাংলাদেশে বিদ্যুৎখাতে তীব্র সংকট চলছে। শিল্প ও কৃষি খাতে বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকেও।