বাজারে বিদ্যুৎ খাতের শেয়ারের প্রাধান্য
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিদ্যুৎ খাতের শেয়ারের দাম বাড়লেও ভালো মানের শেয়ার সূচকের কিছুটা অবনতি হয়েছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার কারণেই সূচক পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এইমস অফ বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ বলেন, “পরস্পরকে অনুসরণ করে অনেকের বিনিয়োগ বিদ্যুৎ খাতের শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে যে কোনো খাতেই বিনিয়োগের আগে সবার সতর্ক থাকা উচিত।”
তিনি বলেন, ডেসকোর ২০ শতাংশ লভ্যাংশের ঘোষণাও বাজারে প্রভাব ফেলেছে। এছাড়া অবকাঠামো খাতের প্রতিও বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন।
মঙ্গলবার ঢাকার শেয়ার বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমে ১১১ কোটি ৮০ লাখ টাকায় নেমে আসে। সোমবার এখানে রেকর্ড পরিমাণ ১১৯ কোটি টাকার লেনদেন হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার অবশ্য লেনদেনের পরিমাণ আগের দিনের ২৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা থেকে বেড়ে ২৫ কোটি ৫৭ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসই এর সম্পদের মোট পরিমাণ ৩৪ হাজার ৫শ’ ৪৭ কোটিতে পৌঁছেছে, যা ২০০৫--০৬ অর্থবছরের জিডিপির ৮ দশমিক ৩৭ শতাংশ।
এদিন ডিএসইর সাধারণ সূচক এক পয়েন্ট বা শূণ্য দশমিক ০৫৭ শতাংশ কমে দাঁড়ায় ১৭৬১ দশমিক ৪২ পয়েন্টে।
ভালো মানের শেয়ারের সূচক ২০ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ কমে হয়েছে ১৫১৯ দশমিক ০৭ পয়েন্ট।
ডিএসইর সার্বিক মূল্যসূচক অবশ্য ১৩ দশমিক ৮৪ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ বেড়ে ১৪৪১ দশমিক ৫৮ পয়েন্টে পৌছায়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদ্যুৎ ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম যথাক্রমে ৬ দশমিক ৭৪ শতাংশ ও ৭ দশমিক ৮৪ বাড়ার কারণে সেখানকার শেয়ারের সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪০৪৮ দশমিক ১৬ পয়েন্ট হয়।
সিএসই এর ভালো মানের শেয়ারের সূচক ১ দশমিক ১৪ শতাংশ কমে হয়েছে ৩৫৮৮ দশমিক ২০ পয়েন্ট। তবে বাছাইকৃত শেয়ারের সূচক শূণ্য দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬৫২ দশমিক ৭৪ পয়েন্ট হয়।
পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের (পিজিসিবি) শেয়ারের দাম মঙ্গলবার ১০ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৩৯ দশমিক ৭৫ টাকায়। এদিন পিজিসিবির লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা।
লেনদেন তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা ডেসকোর লেনদেন হয়েছে ৭ কোটি ৩ লাখ টাকা। আগের দিনের ৪৬৩ দশমিক ২৫ টাকা থেকে বেড়ে তাদের শেয়ারের দাম ৭ দশমিক ৭১ শতাংশ বেড়ে হয় ৪৯৯ টাকা।
তালিকায় এর পরই ছিল সামিট পাওয়ার। তাদের লেনদেন হয়েছে ৫ কোটি ১ লাখ ৩০ হাজার টাকা।
লেনদেন তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা সাউথইস্ট ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ারের দাম যথাক্রমে ১ দশমিক ৮২ শতাংশ ও ১ দশমিক ৩৬ শতাংশ কমে ৩৭৭ দশমিক ৫০ এবং ৩৭৮ দশমিক ৭৫ টাকা হয়েছে।
শীর্ষ পর্যায়ের লেনদেনকারী অপর কোম্পানির মধ্যে গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড, এইমস প্রথম মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। অপরিবর্তীত ছিল রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংকের শেয়ারের দাম্
এছাড়া মঙ্গলবার এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড ও তাল্লু স্পিনিংশেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে, কমেছে এক্সেলসিয়ার স্যু, কেয়া কসমেটিকস ও সাইপুর সুগারের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১১৭টির। অপরিবর্তিত থাকে ২২টি শেয়ারের দাম।
অন্যদিকে, সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বাড়ে ৫০টির, কমেছে ৬১টির। অপরিবর্তিত থাকে পাঁচটি শেয়ারের দাম।
