চীন--বাংলাদেশ যৌথ পরিষদ গঠনে ব্যবসায়ীদের প্রস্তাব
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রোববার চীন ও বাংলাদেশের মধ্যকার বিভিন্ন দ্বিপাক্ষিক বাণিজ্য সমস্যার সমাধানে সরকারি পর্যায়ে একটি যৌথ পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে।
দুই দেশের মধ্যে ব্যাবসা--বাণিজ্যে গতি আনতে ১১ দফা প্রস্তাবনা উপস্থাপন করে ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন চীনে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের শাখা খুলে দেশীয় ব্যবসায়ীদের সেবা প্রদানের প্রস্তাব করেন।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমানের সঙ্গে এফবিসিসিআই এর সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শীর্ষ ব্যবসায়ী নেতা মীর নাসির হোসেন চীন ও বাংলাদেশের মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপনে মিয়ানমারের মধ্য দিয়ে চট্টগ্রাম--কুনমিং সড়ক নির্মাণে একটি সড়ক যোগাযোগ প্রটোকলের উপর গুরুত্বারোপ করে বলেন, এই যোগাযোগ স্থাপিত হলে বাংলাদেশের সাথে মিয়ানমার ও চীনের ব্যবসা অভূতপূর্ব গতি আনবে এবং আমদানি--রপ্তানি বাণিজ্যে সুবিধা করে দেবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় ইতিমধ্যে একটি প্রস্তাবিত প্রটোকল রয়েছে যাতে চীন ও বাংলাদেশ উভয়ই সম্মত রয়েছে। সড়ক যোগাযোগ স্থাপনে মিয়ানমারকে রাজি করাতে দুই দেশই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশফাকুর রহমান বৈঠকে জানান।
এছাড়া একটি বিরোধ মিমাংসা পর্ষদ, বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর ও প্রযুক্তি বিনিময় সহায়তা প্রদান এবং শুল্ক প্রতিবন্ধকতাসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনের উপরও মীর নাসির হোসেন গুরুত্বারোপ করেন।
বাংলাদেশী রাষ্ট্রদূত রপ্তানি পণ্য বহুমুখীকরণের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগের জন্য প্রকৃত বিনিয়োগকারী আনারও নিশ্চয়তা দেন।
২০০৪--০৫ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিলো ২ দশমিক ৩ বিলিয়ন ইউএস ডলার এবং চীন উদ্বৃত্ত বাণিজ্য সুবিধা ভোগ করছে।
অন্যদিকে ২০০৫--০৬ অর্থবছরের জুলাই--মার্চ সময়ে চীন বাংলাদেশে ১ দশমিক ৫৫ বিলিয়ন ইউএস ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে, অপরদিকে বাংলাদেশ থেকে মাত্র ৪৫ দশমিক ৯৩ মিলিয়ন ইউএস ডলারের পণ্য আমদানি করেছে। এ সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ইউএস ডলার।
