১৬ গার্মেন্টস শ্রমিক সংগঠন ত্রিপক্ষীয় চুক্তি প্রত্যাখান করেছে, ধর্মঘটের হুমকি
১৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠন সরকার, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি প্রত্যাখান করেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের সাথে চুক্তি না হলে তারা নতুন করে ধর্মঘট আহ্বান করবে বলে হুমকি দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬টি সংগঠন সোমবার একথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জুনের বৈঠকের পর আটদিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা আশ্চর্য হয়েছি।
এতে আরো বলা হয়, সরকার, বিজিএমইএ ও বিকেএমইএর সকল প্রতিনিধিদের নিয়ে এ চুক্তি সাক্ষর করার জন্য আমরা দাবি জানাচ্ছি।
এতে বলা হয়, আমাদের সাথে আগামী ৭২ ঘন্টার মধ্যে চুক্তি না হলে ধর্মঘট করতে বাধ্য হব।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম আমিনের সভাপতিত্বে এক জরুরী বৈঠকের পর গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো এ সিদ্ধান্ত নেয়।
জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগ নেতারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে গার্মেন্টস শিল্প খাতের পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে ন্যূনতম মজুরিসহ শ্রমিক অধিকার নিশ্চিত করতে সোমবার সরকার, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সরকার পক্ষে স্মারকে সাক্ষর করে আমান উল্লাহ আমান। অন্যদিকে বিজিএমইএ’র পক্ষে সাক্ষরকারীরা হলেন- বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী, সাবেক সভাপতি আনিসুল হক, পরবর্তী সভাপতি এসএম ফজলুল হক, সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং শাহদত হোসেন চৌধুরী, বিকেএমইএ সভাপতি ফজলুল হক এবং মালিক পক্ষে এর পরিচালক এমএ বাসেত।
শ্রমিক নেতাদের মধ্যে সমঝোতা স্মারকে সাক্ষর করেন- শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক লীগের রায় রমেশ চন্দ্র এবং শাহজাহান খান এমপি, শ্রমিক দলের জাফরুল হাসান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মো. নুরুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের শফিকুর রহমান মজুমদার, বাংলাদেশ শ্রমিক জোটের আব্দুল কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক ফেডারেশেনের সাইফুদ্দিন আহমেদ, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের মোখলেসুর রহমান, জাতীয় শ্রমিক জোটের মেহজবাহউদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন সংঘের আশিকুল আলম চৌধুরী এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আবদুল্লাহ সরকার।
