সুবিধাবঞ্চিত ১০০ নারীকে আইটি প্রশিক্ষণ দিচ্ছে ইউনিলিভার
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সামাজিক উদ্যোগ ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত ১০০ নারীকে তথ্য--প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ দিয়েছে।
রোববার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। খান ফাউন্ডেশনের সাথে যৌথভাবে ইউনিলিভার এ কর্মসূচি পরিচালনা করে।
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ড. আব্দুল মঈন খান, ইএনডিপি’র আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়েন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক সঞ্জীব মেহতা, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খান এবং ইনিলিভারের ব্র্যান্ড এন্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টর মাসুদ চৌধুরী।
অনুষ্ঠানে ডেসালিয়েন আশা প্রকাশ করে বলেন, নারীরা প্রশিক্ষণের মাধ্যমে যা শিখেছে, তা তারা তাদের পারিবারিক পর্যায়ে প্রয়োগ করবে।
ড. মঈন খান বলেন, কম্পিউটার শিক্ষা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সহায়ক উপাদান হিসেবে কাজ করবে।
সঞ্জীব মেহতা ইনিলিভারের জয়িতা’র মতো অন্যান্য সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, জয়িতা’র নারীরা এখন ঘরে বসেই মাসে এক হাজার টাকা করে আয় করছেন। ধীরে ধীরে তারা নারী উদ্যোক্তায় পরিণত হচ্ছেন।
আগামী দুই বছরের মধ্যে জয়িতা’র সদস্য সংখ্যা ১০ হাজারে উন্নীত করার লক্ষ্যে ২৩ টি এনজিও’র সাথে যৌথভাবে কাজ করছে ইউনিলিভার।
ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন বাংলাদেশের নারীদের শিক্ষা, পেশা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কর্মসূচিটি হাতে নিয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০০ নারীকে তথ্য--প্রযুক্তি বৃত্তি, ৪০০ ছাত্রীকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি এবং ৩১০ জন গ্রামীণ ও ৪৫০ জন নগরীতে বসবাসকারী নারীকে কারিগরি প্রশিক্ষণ দিয়েছে।
