দ্বিপাক্ষিক এফটিএ নিয়ে বাংলাদেশ - পাকিস্তান সমঝোতা আলোচনা শুরু
বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের মধ্যেকার বাণিজ্য সম্পর্ক জোরদার করতে দ্বিপাক্ষি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ব্যাপারে সমঝোতা আলোচনা শুরু করেছে।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী হুমায়ন আখতার খানের মধ্যে বুধবার ঢাকায় এফটিএ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। বিশেষজ্ঞ কমিটি আগামী মাস থেকে বিস্তারিত সমঝোতা আলোচনা শুরু করবে বলে জানা গেছে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়াস আহমেদ ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহেদ বশিরকে নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ এফটিএ’র ব্যাপারে মন্ত্রী পর্যায়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সাথে আলোচনা করেছে।
হুমায়ন আখতার খান বলেন, বিশেষজ্ঞ কমিটি চলতি বছরের জুলাইয়ের মধ্যে সমঝোতা আলোচনা সম্পন্ন করবে।
তিনি বলেন, দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তির বাইরে থেকে সুবিধা নিতে আমরা এফটিএ’র ব্যাপারে সম্মত হয়েছি।
এফটিএ নিয়ে বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লা বুলু, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক) এটিএম সরোয়ার হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার আযম খান ও বাণিজ্যসচিব রুবিনা তৌফিক শাহ উপস্থিত ছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাকিস্তান সফরকালে একই বছরের সেপ্টেম্বরের মধ্যে দুই দেশ দ্বিপাক্ষিক এফটিএ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়।
এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চায়। ঢাকা মনে করছে, এর ফলে পাকিস্তানের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশ বৃদ্ধি পাবে।
পাকিস্তান ইতোমধ্যে শ্রীলঙ্কার সাথে তার প্রথম দ্বিপাক্ষিক এফটিএ কার্যকর করেছে। চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সাথে এফটিএ নিয়ে পাকিস্তান সমঝোতা আলোচনা করেছে।
বাণিজ্য সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়। চুক্তিটি এখনো কার্যকর রয়েছে। ২০০৪--০৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ১৩৮ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে এবং দেশটিতে ৬৩ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।
