খুলনায় মাসব্যাপী ঈদ বাণিজ্য মেলা শুরু
খুলনা জেলা স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়ামে শুক্রবার মাসব্যাপী ঈদ বাণিজ্য মেলা--২০০৬ শুরু হয়েছে।
খুলনার জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন প্রধান অতিথি হিসেবে ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন সেন্টার (আইটিপিসি) আয়োজিত এই মেলার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে হিরু।
আয়োজক প্রতিষ্ঠান আইটিপিসি জানায়, মেলায় ৬০টি স্টল ও ৪টি প্যাভালিয়নে দেশী-বিদেশী পোশাক, টাঙ্গাইল, জামদানী শাড়ী ও কিশোরীদের থ্রিপিস ছাড়াও বিভিন্ন বিখ্যাত পোশাক শিল্প প্রতিষ্ঠানের পোশাক থাকবে। এর পাশাপাশি ক্রোকারিজ, কসমেটিকস ও হস্তশিল্পজাত পণ্যও মেলায় উপস্থাপন করা হবে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। প্রতিদিনের টিকেটের র্যাফেল ড্রতে মোবাইলফোন সেটসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
