২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডেভেলপিং এশিয়া জার্নালিজম অ্যাওয়ার্ডস’র জন্যে এডিবি’র আবেদনপত্র আহ্বান

২০০৬ সালের ‘ডেভেলপিং এশিয়া জার্নালিজম অ্যাওয়ার্ডস’র জন্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশসহ ৩৯টি সদস্য রাষ্ট্রে প্রবৃদ্ধি ও উন্নয়ন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করছেন এমন সাংবাদিকদেরকে আবেদন করার আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

দারিদ্র্য সংশ্লিষ্ট বিষয়, জনগণ ও উন্নয়ন, নারী ও উন্নয়ন এবং উন্নয়ন সংস্থাসমূহ ও উন্নয়ন- এ চারটি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে বলে সোমবার এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, যেমন- কৃষি, ভূমি সংস্কার, শিল্প নীতিমালা, অবকাঠামো, কল্যাণ, শিক্ষা, জেন্ডার প্রভৃতি বিষয় নিয়ে করা রিপোর্টও সংশ্লিষ্ট একটি ক্যাটাগরির আওতায় পেশ করা যাবে।

প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম ও রানার্স আপসহ চারটি পুরস্কার দেওয়া হবে বলে জানায়  এডিবি।

এশীয় উন্নয়ন ব্যাংকের বহিঃসম্পর্ক বিভাগের সহায়তায় এশীয় উন্নয়ন ব্যাংক ইনস্টিটিউট এ পুরস্কারের আয়োজন করে এ অঞ্চলের সংবাদপত্র, বার্তা সংস্থা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে।

নিয়মিত ক্যাটাগরি ছাড়াও বর্ষসেরা উন্নয়ন সাংবাদিক, বর্ষসেরা উন্নয়ন নারী সাংবাদিক, বর্ষসেরা তরুণ উন্নয়ন সাংবাদিকসহ কয়েকটি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০০৫ সালের ১ জুনায়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত রিপোর্ট এবারের পুরস্কারের অন্তর্ভূক্ত হবে। এক্ষেত্রে ৭০০ থেকে ২০০০ শব্দের রিপোর্ট হতে হবে। এছাড়াও মূল ক্যাটাগরির ক্ষেত্রে দু’টির বেশি ক্যাটাগরিতে রিপোর্ট জমা দেওয়া যাবে না। একজন প্রার্থী চারটির বেশি রিপোর্ট জমা দিতে পারবেন না।

আগ্রহী প্রার্থীদেরকে ২০০৬ সালের ১৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র দাখিল করতে বলা হয়েছে।