গ্যারি লাই এশিয়া এনার্জি’র চিফ অপারেটিং অফিসার
ফুলবাড়ি কয়লা খনি প্রকল্পের কার্যক্রম শুরুর প্রস্তুতি ও শীর্ষ ব্যবস্থাপনা টিম সম্প্রসারণের জন্য লন্ডন ভিত্তিক এশিয়া এনার্জি পিএলসি গ্যারি লাই-কে কোম্পানির নির্বাহী পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে ঘোষণা করেছে।
গ্যারি লাই গত দু’ বছর ধরে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ফুলবাড়ি কয়লা ক্ষেত্রের উন্মুক্ত খনন পদ্ধতিতে খনির সম্ভাব্যতা সমীক্ষার কাজ করে আসছেন। তিনি লন্ডন ভিত্তিক এশিয়া এনার্জি পিএলসির বাংলাদেশ সাবসিডিয়ারী এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি এই পদেও বহাল থাকবেন।
এশিয়া এনার্জি পিএলসি’র এর যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লেনিগাস বলেছেন, গ্যারি’র পদোন্নতি ফুলবাড়ি কয়লা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরই প্রতিফলন। তিনি বলেন, বাংলাদেশে উন্মুক্ত খনন পদ্ধতির খনি ও খনির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরও অধিক সংখ্যক বিশেষজ্ঞ ও উপযুক্ত বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতার সমাবেশ ঘটাতে তিনি কোম্পানির জন্য কাজ করবেন।
অনুসন্ধান ড্রিলিং তৎপরতার মাধ্যমে ফুলবাড়িতে ৫৭২ মিলিয়ন টন উন্নতমানের বিটুমিনাস জাতীয় কয়লার মজুদ নিশ্চিত করা হয়েছে। বিদ্যমান অনুসন্ধান ও উত্তোলন চুক্তি অনুযায়ী ২ অক্টোবর এশিয়া এনার্জি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। এশিয়া এনার্জি খনি মুখে কয়লা চালিত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবনাও দাখিল করেছে।
গ্যারি লাই রয়াল স্কুল অফ মাইনস, ইম্পিরিয়াল কলেজ, লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। উন্মুক্ত খনন পদ্ধতির খনির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ৩০ বছরেরও অধিক বাস্তব অভিজ্ঞতার মধ্যে লাই অর্ধেকের বেশী সময় অতিবাহিত করেছেন উর্ধ্বতন ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্য দিয়ে।
লাই বলেন, আমরা বিস্তারিত খনি উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করেছি, এবং আমি আকর্ষনীয় এই প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের সাথে কাজ করার আশা করি। এশিয়া এনার্জি বাংলােেদশে বেসরকারিভাবে আন্তর্জাতিক পর্যায়ের বিনিয়োগের প্রথম মাইনিং কোম্পানি হিসেবে কাজ করতে পেরে গর্বিত। আমাদের বৃহৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সমর্থন রয়েছে এবং ইতিমধ্যে আমরা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় ১৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। বিদ্যুৎ কেন্দ্রসহ খনির মেয়াদকালে ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।
ফুলবাড়ির উন্মুক্ত পদ্ধতির খনির বাস্তবায়নের মধ্য দিয়ে, এশিয়া এনার্জি কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, স্থানীয়ভাবে ব্যবহার এবং বিদেশে রপ্তানির জন্য ৩০ বছরেরও বেশী সময় ধরে কয়লা সরবরাহের নিশ্চয়তা প্রদান করবে।
লাই বলেন, ফুলবাড়ি কয়লা প্রকল্পটি এনার্জি খাতের বহুমুখীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদানে সক্ষম। তিনি আরও বলেন, ২৫-৩০ বছরের জ্বালানি সরবরাহের নিশ্চয়তা না পেলে কোন বড় আকারের বিদ্যুৎ প্রকল্পে প্রয়োজনীয় বিনিয়োগ সম্ভব নয়। এশিয়া এনার্জি কয়লা চালিত এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দিতে সমর্থ হবে। সেক্ষেত্রে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পথ সুগম হবে ও কয়লা ভিত্তিক বেজ লোড বিদ্যুৎ উৎপাদনের ভিত্তি নির্মিত হবে।
বাংলাদেশ সরকারের সম্মতি সাপেক্ষে, এশিয়া এনার্জি ২০০৬ সালের শুরুতে খনির কার্যক্রম আরম্ভের এবং ২০০৮ সালে কয়লা উত্তোলনের পরিকল্পনা করেছে। অন্যদিকে একই সাথে বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নের কাজ অগ্রসরের মাধ্যমে ২০১১ সালে কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন করা হবে।
