বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগের নিবন্ধন শুরু
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন লেঙ্গুয়েজেসের আয়োজনে শুরু হচ্ছে ভাষাগত দক্ষতার প্রতিযোগিতা বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ।
রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ভাষার কৃতিত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে এবারের আয়োজনের নিবন্ধন শুরু হয়েছে ১৯ ডিসেম্বর থেকে।
এবারের আয়োজনের পৃষ্ঠপোষক আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যানস ।
প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগ থেকে ৫০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আকিজ বেকার্স।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি বয়সসীমার ভিত্তিতে চারটি ভাগে বিভক্ত থাকবে। আগামী ফেব্রুয়ারিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হবে চূড়ান্ত পর্বের আসর।
সংবাদ সম্মেলনে আকিজ বেকার্সের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার বলেন, “আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, যার স্বীকৃতি স্বরূপ সারা বিশ্বে আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে।
“তাই একাধিক ভাষা নিয়ে আমাদের দেশে এমন উদ্যোগ খুবই আনন্দের বিষয়।”
সারাদেশে ৩২টি ভেন্যুতে বাংলা, ইংরেজি, মান্দারিন, ফরাসি ও জার্মান ভাষায় হবে এ প্রতিযোগিতা।
আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা অনলাইনে এই অংশ নিতে পারবেন।
