রিহ্যাব মেলা শুরু বৃহস্পতিবার
আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব মেলা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে; বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে থাকবে ২২০টি স্টল।
রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে ‘রিহ্যাব ফেয়ার ২০২১’ এর বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের সহ সভাপতি (ফিন্যান্স) ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা।
তিনি জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের মেলা চলবে ২৭ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত। মেলায় ২২০টি স্টলের মধ্যে দুটি ডায়মন্ড প্যাভিলিয়ন, ছয়টি গোল্ড স্পন্সর, ২২টি কো স্পন্সর, ১৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।
সংগঠনের সদস্য ও ক্রেতাদের মধ্যে এ মেলা সেতুবন্ধন তৈরি করবে আশা করে তিনি বলেন, রিহ্যাব মেলা সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে।
২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা করে আসছে রিহ্যাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ মেলা উদ্বোধনের পর ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন।
অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় ঢোকা যাবে।
এবারও থাকছে দুই ধরনের টিকিট। সিঙ্গেল এন্ট্রির প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন।
টিকিট বিক্রির অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে জানান রিহ্যাব নেতারা।
বরাবরের মতো এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্রতে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। মেলা শেষে প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস মহামারীতে আবাসন খাত বড় ধরনের সঙ্কটের মুখে ছিল উল্লেখ করে সংবাদ সম্মেলনে রিহ্যাবের সহসভাপতি (প্রথম) কামাল মাহমুদ বলেন, আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী প্রণোদনার সিদ্ধান্তে এ খাত সঙ্কট থেকে রক্ষা পায়।
“যে অর্থ দেশের বাইরে যাবার কথা ছিল, সেই অর্থ করোনাভাইরাসের সময়ে দেশে আবাসন খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ হয়েছে।“
তবে সাম্প্রতিক সময়ে নির্মাণ উপকরণের মূল্য বেড়ে যাওয়া এবং প্রস্তাবিত ড্যাপ পরিকল্পনা আবাসন খাতের উদ্বেগের কারণ মন্তব্য করে তিনি বলেন, বিশেষ করে রড-সিমেন্টের দাম বাড়ায় এবং প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়িত হলে আগামিতে ফ্ল্যাটের দাম বেড়ে যাবে।
এতে স্বাস্থ্যসম্মত উপায়ে বসবাসের জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যেতে পারে বলে তার আশঙ্কা।
আরও পড়ুন
