২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেঁয়াজ কি তবে এবারও ভোগাবে?’

নিত্যপণ্যের বাজার করার সময় পেঁয়াজ কিনতে গিয়ে কিছুটা ধাক্কা খেলেন উত্তর পীরেরবাগের বাসিন্দা ইকবাল হোসেন।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 12:00 AM

Updated : 10 Oct 2022, 06:27 PM

শুক্রবার মুদি দোকানি মাঝারি মানের দেশি পেঁয়াজের দাম চাচ্ছেন প্রতিকেজি ৮০ টাকা, যা এক সপ্তাহ আগেই ইকবাল ভ্যানগাড়ি থেকে কিনেছিলেন ৪০ টাকায়।

ইকবালের বিস্ময়, বলেন কী! পেঁয়াজ কি তাহলে এবারও ভোগাবে?

দোকানি আমিনের উত্তর, পেঁয়াজের দাম বেড়েছে আজ চার দিন। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টির ফাঁকে ফাঁকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম।

ঢাকার বাজারে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকা থেকে ৮০ টাকায়। মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

টিসিবির হিসাবে সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ।

হঠাৎ আবার দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ নিয়ে পুরনো ভোগান্তির কথা মনে করে উদ্বিগ্ন ইকবালের মতো অনেক ক্রেতাই।

তবে তাদের আশ্বস্ত করছেন আমদানিকারক, পাইকারি ও জেলা পর্যায়ের বিক্রেতাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গত অক্টোবরের শুরুতেও পেঁয়াজের দাম আকস্মিকভাবে দ্বিগুণ বেড়ে ৮০ টাকায় উঠেছিল। তখন সরকার উদ্যোগী হয়ে পেঁয়াজ আমদানির পথ সুগম করে।

আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমদানিতে ৫ শতাংশ শুল্ক স্থগিত করা হয়। এর এক সপ্তাহের মধ্যেই দাম কমে গিয়ে আবার প্রতিকেজি ৪০ টাকায় নেমে আসে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের (আইআইটি) অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির কারণে চলতি সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে গেলেও আগামী ৪/৫ দিনের মধ্যে তা আবার নিয়ন্ত্রণে চলে আসবে।

কারণ টেকনাফ, সোনামসজিদ, ভোমরা ও হিলি স্থলবন্দর হয়ে প্রতিদিনই দেশে পেঁয়াজ আসছে। ভারত থেকে প্রতিদিন প্রায় একশ ট্রাক পেঁয়াজ আসছে।

ভারত আকস্মিকভাবে রপ্তানি বন্ধ করে দেওয়ার পর ২০১৯ সালের শেষ দিকে এসে পেঁয়াজ নিয়ে নাজেহাল হয়েছিলেন বাংলাদেশি ভোক্তারা। ওই বছর অক্টোবর থেকেই দেশি মজুদ শেষ হয়ে গিয়েছিল।

আমদানি পেঁয়াজের ৯০ শতাংশ সরবরাহকারী দেশ ভারতও রপ্তানি বন্ধ করে দেওয়ায় কয়েক সপ্তাহের মধ্যেই দেশে পেঁয়াজের কেজি ৩০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

প্রায় তিনমাস ভোগান্তির পর ডিসেম্বরের শেষ দিকে নতুন দেশি পেঁয়াজ বাজারে আসার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

কী বলছেন বিক্রেতারা

ঢাকার অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে বৃহস্পতিবার দেশি পেঁয়াজ প্রতিকেজি ৭৫ টাকা, মিয়ানমারের পিঁয়াজ ৫০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছিল।

পেঁয়াজের বাজার আবারও অস্থির হচ্ছে কিনা? জানতে চাইলে তা পুরোপুরি নাকচ করে দেন পুরান ঢাকার শ্যামবাজারের অন্যতম আমদানিকারক আব্দুল মাজেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই সপ্তাহে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে একই সঙ্গে পেঁয়াজের দাম বেড়েছে। ভারত ও মিয়ানমারে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়লেও বাংলাদেশে বেড়েছে বেশি।

“মৌসুমের দিকে দেশি পেঁয়াজের মজুদ শেষ হয়ে যাওয়ায় বাজারের এই পরিস্থিতি। তবে ২০১৯ সালের মতো ওই পরিস্থিতি হওয়ার কোনো আশঙ্কা নেই।“

তার মতে, বাংলাদেশে এ সপ্তাহে বৃষ্টি না হলে মুড়িকাটা পেঁয়াজে বাজার ভরপুর হয়ে যেত। আগামী এক/দুই সপ্তাহের মধ্যেই এ পেঁয়াজ চলে আসবে। তখন দাম পড়ে যাবে বলে মনে করেন তিনি।

খুচরা বাজারে পেঁয়াজের দাম কিভাবে এত বেড়ে গেল তা জানা নেই উল্লেখ করে তিনি বলেন, শ্যামবাজারে এখনও ভারতীয় নাসিক পেঁয়াজ ৪২/৪৩ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৪৪ টাকা থেকে ৪৬ টাকা। দেশি পেঁয়াজ তেমন নেই বললেই চলে।

“পাকিস্তানি পেঁয়াজ যারা আমদানি করে এনেছেন তারা কেজিতে ১৫ টাকা করে লোকসান দিয়ে ৩৫ টাকা করে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাদের পরতা পড়েছিল ৫০ টাকা করে।”

কিছু আমদানিকারকের পাশাপাশি এবার ব্যবসায়ীরা লোকসানও দিচ্ছে দাবি করে তিনি বলেন, কিন্তু পত্রিকায় শুধু দাম বেড়ে যাওয়ার খবরই আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ জানান, পাবনার মোকামে পুরাতন পেঁয়াজ প্রতিমণ ২৮০০ টাকা থেকে ৩০০০ টাকায় পাওয়া যাচ্ছে। আর নতুন মওসুমের মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিমণ ১৭০০ টাকা থেকে ২০০০ টাকায়।

অর্থাৎ মোকামে নতুন পেঁয়াজ ৪২ টাকা থেকে ৫০ টাকায় এবং পুরাতন পেঁয়াজ ৭০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

মুড়িকাটা নতুন পেঁয়াজ আসা শুরু হলে দাম আরও পড়ে যাবে বলে মত স্থানীয় বিক্রেতাদের।  

সরকারের আগাম প্রস্তুতি

বিগত দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নিয়েছিল সরকার। আমদানি শুল্ক কমানোর পাশাপাশি সরকারি বিপণন সংস্থা টিসিবির সংগ্রহ কর্যক্রমও বাড়ানো হয়েছে।

এবছর সরকার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুজ্জামান বলেন, টিসিবি আগেই তুরস্ক থেকে নিজ উদ্যোগে পেঁয়াজ আমদানি করে রেখেছে। প্রতিদিন সংস্থাটির সাড়ে ৪০০ ট্রাকের প্রতিটিতে এক টন করে পেঁয়াজ বিপণন করা হচ্ছে ৩০ টাকা কেজিতে। এটি বাজারে ভালো প্রভাব ফেলছে।

গত ১১ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, দেশে যে ৫ লাখ টন পেঁয়াজের মজুদ রয়েছে তা দিয়ে পরবর্তী তিন মাসের বাজার চাহিদা পূরণ হবে। ফলে বাজার অস্থির হওয়ার কোনো আশঙ্কা নেই। পাশাপাশি আমদানি বাজারও থাকছে উন্মুক্ত।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে পেঁয়াজের চাহিদার ৮০ শতাংশ এখন দেশেই উৎপাদিত হয়, বাকি ২০ শতাংশ আমদানি করতে হয়।

এর বেশিরভাগ আসে ভারত থেকে, মিয়ানমার থেকেও কিছু আসে। ইতোমধ্যে তুরস্ক থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে।

পরিসংখ্যানে গরমিল

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে পেঁয়াজের চাহিদা কমবেশি ২৫ লাখ টন বলে দাবি করা হলেও উৎপাদনের পরিসংখ্যান নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। পেঁয়াজের বাজারে অস্থিরতার পেছনে এটিও একটি কারণ বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এবছর পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৯ লাখ টন। উৎপাদন হয়েছে ৩৩ লাখ টন। আর দেশের মোট চাহিদা ২৫ লাখ টন। তাহলে বাকি পেঁয়াজ গেল কোথায়?”

২০১৯ সালে সরকারি এক সমন্বয় সভায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে উপস্থাপন করা তথ্যে বলা হয়, সারা বছর পেঁয়াজের চাহিদা ২৪ লাখ টন, রমজানে অতিরিক্ত দুই লাখ টন মিলিয়ে পেঁয়াজের চাহিদা ২৬ লাখ টন।

গত ৭ সাত বছরের হিসাব অনুযায়ী, প্রতি বছর ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়, যার ৯৭ থেকে ৯৮ শতাংশ আসে ভারত থেকে।

আরও পড়ুন:

তেল, পেঁয়াজ চিনিতে শুল্ক কমানোর উদ্যোগ  

পেঁয়াজে শুল্ক নেই, চিনিতে হ্রাস  

পেঁয়াজের দামে ‘কারসাজি’ নিয়ে এফবিসিসিআই সভাপতির ক্ষোভ  

পেঁয়াজ নিয়ে নানা মত  

পেঁয়াজ নিয়ে খুব বিপদে আছি: বাণিজ্যমন্ত্রী  

ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ ঘুরিয়ে দিয়েছে বাজার  

পেঁয়াজের বিকল্প হতে পারে চিভ, বলছে বারি  

বগুড়ায় ক্ষেত থেকে ‘পেঁয়াজ চুরি’, রাত জেগে পাহারা