ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন নিয়ে দারাজকে মন্ত্রণালয়ের নোটিস
দারাজের বার্ষিক ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের কিছু বিষয় নিয়ে সতর্কতার পরও তা বন্ধ না হওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই-কমার্স সেল থেকে গত বৃহস্পতিবার দারাজের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ওই নোটিস পাঠানো হয়।
নোটিসটি সোমবার দারাজের হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত বৃহস্পতিবার নোটিস প্রস্তুত করা হলেও তা পাঠানো হয়েছে চলতি সপ্তাহের শুরুতে। তারা সেই চিঠি হাতে পেয়েছে গতকাল সোমবার।
“সেই হিসাবে প্রতিষ্ঠানটির কাছে চিঠির জবাব দেওয়ার আরও একদিন সময় আছে।“
মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে পাঠানো ওই নোটিসে বলা হয়, আপনাদের প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ কর্তৃক ১১.১১ ক্যাম্পেনের ১ টাকা গেইম ও স্পিন দ্য হুইল কার্যক্রম বন্ধ করার জন্য গত ৪ নভেম্বর নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু উক্ত নির্দেশনা প্রদানের পরও আপনাদের প্রতিষ্ঠানের ফেইজবুক পেইজ, ওয়েবসাইট ও অ্যাপে আপনাদের প্রতিষ্ঠানের ১ টাকা গেম চলমান রয়েছে।
“এমতাবস্থায় কেন আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
এবিষয়ে দারাজের হেড অব পিআর ও কমিউনিকেশন্স সায়ন্তনী ত্বিষা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।
দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতো ‘দারাজ ইলেভেন ইলেভেন’ প্রচরণার আয়োজন করছে। এ উপলক্ষে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
