২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের বাড়তি শুল্ক: সমাধানের আশা দিলেন পরিকল্পনা মন্ত্রী

প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে জনগণের অসন্তুষের খবর ‘সরকারের উচ্চ মহলে’ পৌঁছেছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেষ পর্যন্ত এ বিষয়ে ‘একটি সমাধান’ হতে পারে বলে তিনি আশা করছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 12:27 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

আওয়ামী লীগের আয়োজনে মহামারী ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে যোগ দিয়ে মঙ্গলবার এই আশার কথা শোনান পরিকল্পনা মন্ত্রী।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের সঞ্চালনায় মঙ্গলবার রাতে ইন্টারনেটে সম্প্রচারিত এ আলোচনার এবারের বিষয় ছিল ‘বাজেট ২০২০-২০২১: জীবন ও জীবিকার বাজেট’।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে।

বাজেটে ঘোষণা আসার পর এনবিআর এসআরও জারি করায় এরইমধ্যে বাড়তি হারে সম্পূরক শুল্ক কাটা শুরু করে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়েছে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা।

আলোচনায় পরিকল্পানা মন্ত্রী বলেন, “মোবাইল কল ও ইন্টারনেটের ওপর সামান্য চার্জ ধরলে বেশি রাজস্ব পাওয়া যাবে এই আশায় সরকার চার্জ আরোপ করেছে। কিন্তু যুবক তরুণ এবং গ্রামে যারা ইন্টারনেট ব্যবহার করেন, এটা তাদের ওপর চাপ হতে পারে।

“আমার মনে হয় সরকারের উচ্চ মহলে এটা হিট করেছে। এটা আলোচনা হবে, সংসদেও আলোচনা হবে। আমার মনে হয় একটা সমাধান হবে।”

 

পরিকল্পনা মন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ এদিন আলোচনায় অংশ নেন।

বরাবরের মতই ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’এর এ পর্বটি বাংলাদেশ আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সম্প্রচার করা হয়। সেইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক সমকালের ফেইসবুক পেইজেও তা সরাসরি দেখা যায়। বিজয় টিভিও অনুষ্ঠানটি সরাসরি দেখিয়েছে।

এর আগে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিকের’ পাঁচটি পর্ব প্রচার হয়েছে। গত ৬ জুন সর্বশেষ পর্বে করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা, চিকিৎসা এবং প্রতিরোধের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

আরও খবর-

মোবাইলের বাড়তি শুল্ক: বিটিআরসিকে আইন দেখাল অপারেটররা  

মোবাইল খরচ বৃদ্ধিতে সরকারের ‘ক্ষতি বেশি’: অ্যামটব  

বাজেট পাসের আগেই কেন মোবাইলে বাড়তি শুল্ক আদায়: বিটিআরসি  

বাড়তি হারে মোবাইল গ্রাহকের টাকা কাটা শুরু  

মানুষের সক্ষমতা আছে বলেই মোবাইল সেবায় শুল্ক বৃদ্ধি: এনবিআর চেয়ারম্যান  

মোবাইল সেবায় শুল্ক বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনার দাবি  

মোবাইল খরচ বৃদ্ধি নিয়ে গ্রাহকদের অসন্তোষ  

মোবাইল ফোন ব্যবহারে খরচ বাড়ছে