২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের বাড়তি শুল্ক: বিটিআরসিকে আইন দেখাল অপারেটররা

বাজেট পাস হওয়ার আগেই কেন মোবাইল সেবায় আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক কাটা হচ্ছে তার জবাবে দেওয়া চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে আইনের কথা মনে করিয়ে দিয়েছে মোবাইল অপারেটররা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2020, 08:13 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটব মঙ্গলবার বাজেট প্রতিক্রিয়ায় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান।

অ্যামটব মহাসচিব এস এম ফরহাদ বলেন, আইন মেনেই বাজেট পাশের আগে সম্পূরক শুল্ক কাটা হচ্ছে বলে চার অপারেটরের পক্ষ থেকে তারা বিটিআরসিকে উত্তর দিয়েছেন।

“জাতীয় সংসদে বাজেট ঘোষণার দিনই এসআরও জারি করে অবিলম্বে শুল্ক কার্যকর করতে কথা বলা হয়। এটাতো নতুন নয়। অর্থবিলের ৮৮ পাতায় কোন কোন দফা অবিলম্বে কার্যকর হবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এর আওতায় ৮০ নম্বর দফাও আছে। মোবাইল সেবা এই দফার অন্তর্ভুক্ত।”

বাজেট পাস হওয়ার আগেই কেন মোবাইল সেবায় বাড়তি হারে সম্পূরক শুল্ক কাটা হচ্ছে তা জানতে চেয়ে শনিবার অপারেটরদের চিঠি দেয় বিটিআরসি।

বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণার পর তা ইতোমধ্যে আরোপ করা শুরু হয়েছে, এটি প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা হিসেবে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দেওয়া এবং সব সেবা ও ট্যারিফ অনুমোদন বন্ধ করে দেওয়ার কথা বলা হয় চিঠিতে।

বাজেটে মোবাইল সেবায় যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন,“এ বিষয়ে জানতে চেয়ে আমরা চিঠি পাঠিয়েছি এবং এ চিঠি দিতেই পারি। নিয়ম অনুযায়ী তারা এর উত্তর দেবে।”

অর্থমন্ত্রী বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে।

বাজেটে ঘোষণা আসার পর এনবিআর এসআরও জারি করায় বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মোবাইল সেবায় বাড়তি হারে সম্পূরক শুল্ক কাটা শুরু করে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো।

এর ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়েছে গ্রাহকদের।

আরও খবর-

মোবাইল খরচ বৃদ্ধিতে সরকারের ‘ক্ষতি বেশি’: অ্যামটব  

বাজেট পাসের আগেই কেন মোবাইলে বাড়তি শুল্ক আদায়: বিটিআরসি  

বাড়তি হারে মোবাইল গ্রাহকের টাকা কাটা শুরু  

মানুষের সক্ষমতা আছে বলেই মোবাইল সেবায় শুল্ক বৃদ্ধি: এনবিআর চেয়ারম্যান  

মোবাইল সেবায় শুল্ক বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনার দাবি  

মোবাইল খরচ বৃদ্ধি নিয়ে গ্রাহকদের অসন্তোষ  

মোবাইল ফোন ব্যবহারে খরচ বাড়ছে