কঠিন পরিস্থিতিতেও বাংলাক্যাটের নিরবিচ্ছিন্ন সেবা
কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে দেশে চলমান বিশেষ পরিস্থিতির মধ্যেও নানা কৌশলে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বৃহৎ প্রতিষ্ঠানে বিদ্যুৎ উৎপাদনে কারিগরি সহায়তা প্রতিষ্ঠান বাংলাক্যাট।
হাসপাতাল, ওষুধ শিল্প ও রপ্তানিখাতের মতো গুরুত্বপূর্ণ গ্রাহকরা এসব জরুরি সেবার অন্তর্ভূক্ত রয়েছেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
দেশে গত ২৫ মার্চ থেকেই অঘোষিত লকডাউন পরিস্থিতি চলছে। নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে বারণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি স্বল্প পরিসরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হলেও লকডাউন এখনও চালু রয়েছে।
বাংলাক্যাটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক অবদানকারী প্রতিষ্ঠান বাংলাক্যাট এই প্রতিকূল সময়ে স্বাস্থ্যসেবা, হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল এবং এই সংশ্লিষ্ট অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানকে অবিরত সেবা দেওয়ার মাধ্যমে দেশকে নিরাপদ ও সুস্থ রাখার সংকল্পে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ।
এই কর্ম এবং দায়িত্বকে সঠিকভাবে পরিচালনায় যে দক্ষতা, অভিজ্ঞতা, ও লোকবলের প্রয়োজন পরে, তা বাংলাক্যাট সম্পাদন করছে তাদের নিয়োজিত বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, দক্ষ টেকনিশিয়ান এবং পর্যাপ্ত সার্ভিস টিমের সমন্বিত উদ্যোগে।
ক্যাটারপিলার ইন্ক্ আমেরিকার গ্লোবাল ডিলার ব্যবস্থাপনার বাংলাদেশের অনুমোদিত পার্টনার হিসেবে বাংলাক্যাট বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করে সব কাজ করছে।
বাংলাক্যাটের চিফ প্রোডাক্ট সাপোর্ট অফিসার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তা ও সুরক্ষাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন বড় দাতব্য সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, হাসপাতাল, ডায়াগনস্টিক সংস্থা, গার্মেন্টস শিল্প এবং পিপিই প্রস্তুতকারক সংস্থার অধিকাংশই বাংলাক্যাটের সরবরাহ করা জেনারেটর সেটের মাধ্যমে বৈদ্যুতিক চাহিদা পূরণ করে।”
বর্তমান প্রতিকূল পরিবেশেও আমাদের অভিজ্ঞ প্রকৌশলীরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এসব গুরুত্বপূর্ণ গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক উৎপাদনশীলতা নিশ্চিত হচ্ছে।”
চিফ মার্কেটিং অফিসার তারেক আহমমদ বলেন, “আমাদের কর্মীরা সর্বোচ্চ সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, যেন সবাই সুরক্ষিত ও নিরাপদ থাকে। একই সাথে এই সময়ে আমাদের পরিষেবাগুলো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
