২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশপথে বিধিনিষেধের মেয়াদ বাড়ল

কোভিড-১৯ মহামারীর বিস্তার ঠেকাতে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে বিধিনিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 05:48 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছেন।

নিয়ন্ত্রক সংস্থার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিষেধাজ্ঞা আগের মতই বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য রুটের ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

পাশাপাশি অভ্যন্তরীণ রুটের সব যাত্রীবাহী ফ্লাইটও ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার এম্বুলেন্স ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চলছে।

বিমান বাংলাদেশ এয়ারাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন বলেন, তারাও সব আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটের নির্ধারিত ফ্লাইট ১৬ মে পর্যন্ত বন্ধ রাখবেন।