২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের হাওয়ায় বাণিজ্যমেলায় ভাটা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দুই দিন আগে প্রার্থীদের প্রচারণা যখন উত্তুঙ্গে সে সময় বাণিজ্যমেলা যেন মনোযোগ হারিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2020, 10:50 PM

Updated : 18 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। এ কারণে বুধবার রাজধানীজুড়ে মাঘের বৃষ্টিতেও থামেনি গণসংযোগ। 

নির্বাচনের এই ডামাডোলে পথের ঝক্কি পেরিয়ে সাধারণ ক্রেতাদের পদচারণা খুব একটা পড়েনি মেলায়। ফলে বুধবার মেলায় গিয়ে অন্য দিনের চেয়ে ভিড় কম দেখা যায়।

মেলায় বিক্রেতা ও আগতদের অনেকের অভিমত, সকাল থেকে মেঘলা শীতল আবহাওয়ার সাথে কিছুটা বৃষ্টিও মেলা বিমুখ করেছে ক্রেতাদের।

আর ভোটের আগে বেচাবিক্রিতে খানিকটা টান পড়েছে বলে জানালেন বাণিজ্য মেলার বেশ কয়েকটি স্টলের বিক্রেতারা।

“মেলার শেষ দিনগুলোতে মূলত সাংসারিক জিনিসপত্র, প্রসাধনী, পোশাক বেশি বিক্রি হয়। এ সময়গুলোতে মানুষ পরিবার নিয়ে বেশি আসে মেলায়। এখন নির্বাচনী  প্রচারণার শেষ মুহূর্ত চলায় রাস্তায় রয়েছে যানজট। ফলে আজ পরিবার-পরিজনসহ মানুষ মেলায় কম এসেছে,” বলেন প্রাণ আরএফএলের স্টল ইনচার্জ শোয়েব আহমেদ।

যাত্রাবাড়ী থেকে স্ত্রী-সন্তান নিয়ে এদিন বাণিজ্য মেলায় এসেছিলেন আব্দুর রউফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর দেড়টার দিকে মেলার উদ্দেশ্যে বের হয়েছি। বিকাল ৫টায় ঢুকেছি মেলায়। জানতাম আজ রাস্তায় ভিড় হতে পারে।

“যেহেতু নির্বাচনের কারণে দুই দিন মেলা বন্ধ থাকবে এবং খোলার পর শেষ তিন দিন প্রচণ্ড ভিড় হবে বলে ধারণা করছি। তাই পরিবার নিয়ে আজই মেলায় এসেছি।”

একই কারণে উত্তরা থেকে মেয়েকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন নাসিমা আনোয়ার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার শেষদিকে ছাড় দেওয়া হয়। বিশেষ করে পোশাক, প্রসাধনী, হাড়িপাতিল এসবের উপর। এ কারণেই কষ্ট করে হলেও আমরা প্রতিবছর মেলার শেষদিকেই আসার চেষ্টা করি। কিন্তু এবার নির্বাচনের কারণে একটু ঝামেলাই হয়েছে আসতে।”

ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন ও ভোটের দিন বন্ধ থাকছে মেলা। তবে তা পুষিয়ে নিতে ইতোমধ্যে বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হয়েছে।

এবার মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ৩ ফেব্রুয়ারি হবে মেলার সমাপনী অনুষ্ঠান।

মেলা শেষদিকে চলে আসায় শুরু হয়ে গেছে মূল্য ছাড়ের ছড়াছড়ি, বিভিন্ন পণ্যের উপর ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

বিক্রেতারা বলছেন, মেলার শেষ দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ছাড়ের পরিমাণ আরও বাড়বে।

প্রসাধন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ফ্লরমারের স্টল ম্যানেজার আলাউদ্দিন হাফিজ বলেন, “আমরাও বেশ কিছু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছি।”

তবে ছাড় নিয়ে ক্রেতাদের প্রত্যাশা আরও কিছু বেশি।

মেলায় ব্লেজার কিনতে এসে তেমন মনোভাব জানালেন পুরানা পল্টনের জহিরুল ইসলাম।

তিনি বলেন, “মেলার শেষ দিকে ব্লেজার, প্যান্ট এসবে ভালো ছাড় পাওয়া যায়। এবার মনে হল, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  “শেষ দিনে অর্ধেক দামেও এসব কেনা যায়। শেষ দিনের অপেক্ষাতেই সবাই থাকে। শেষ দিনও আশা করি আবার আসব।”

বাণিজ্য মেলা আগারগাঁও থেকে সরিয়ে পূর্বাচল নিয়ে যাওয়ার কথা হচ্ছে অনেক দিন ধরে। মেলায় আসা অনেক ক্রেতাদের পাশাপাশি বিক্রেতাও একে স্বাগত জানালেন।

প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের হাসান মাহমুদ বলেন, “মেট্রোরেলের কাজের কারণে এলাকায় এমনতিইে যানজট লেগে থাকে। তার উপর এক মাস ‍মেলামুখী মানুষের ঢলের কারণে স্থবির হয়ে যায় গোটা এলাকা।

“যদি শহর থেকে মেলা একটু বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে আমার ধারণা ভালোই হয়। হয়ত তখন মেলায় পৌঁছাতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু এতে সব মিলিয়ে ভালোই হবে। মেলার আয়তন বাড়বে। দমবন্ধ করা পরিবেশটা আর থাকবে না।”

দিনে ভিড় কম দেখা গেলেও সন্ধ্যা বাড়তেই দর্শনার্থীদের সমাগমে মেলা কিছুটা চাঞ্চল্য ফিরে পায়।

তবে বিক্রেতাদের ভাষ্যে, অন্যান্য বছর মেলার শেষের এ সময়টায় ভিড় যে মাত্রায় থাকে, এদিন ঠিক তেমনটি নেই।

বিক্রেতাদের সবারই প্রত্যাশা, নির্বাচনের পরের তিন দিন ক্রেতাদের ভিড় আর বিক্রি আশানুরূপ হারে বাড়বে।

পুরনো খবর:

বাণিজ্যমেলা বাড়ল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত
বাণিজ্য মেলায় ‘শেষ শুক্রবারে’ বেচা-কেনার ধুম
ছুটির দিনে লোকারণ্য বাণিজ্য মেলা
মধ্যভাগে এসে জমে উঠছে বাণিজ্য মেলা
বাণিজ্য মেলা শুক্রবার বন্ধ