২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা শুক্রবার বন্ধ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা শুরুর দিন ১০ জানুয়ারি শুক্রবার বাণিজ্য মেলা বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 11:31 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা শুরু হচ্ছে তার স্বদেশ প্রত্যাবাসন দিবস- ১০ জানুয়ারি। নিবন্ধন করে সেই আয়োজনে যোগ দেওয়ার সুযোগ পাবেন অন্তত ১০ হাজার নাগরিক।

বাণিজ্য মেলা এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা কার্যক্রমের উদ্বোধনের জায়গা পাশাপাশি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক অভিজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

“ইতোমধ্যে মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে শুক্রবার মেলা বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে শুক্রবার বন্ধ রাখার জন্য মেলায়  মাইকেও ঘোষণা দেয়া হচ্ছে।”

বরাবরের মতো এবারও রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গনে ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে।

অন্যদিকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকাল ৫টায় এর উদ্বোধন করবেন।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা শুরু হচ্ছে তার স্বদেশ প্রত্যাবাসন দিবস- ১০ জানুয়ারি। নিবন্ধন করে সেই আয়োজনে যোগ দেওয়ার সুযোগ পাবেন অন্তত ১০ হাজার নাগরিক।

জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্জন ও আত্মত্যাগের গৌরবগাথা আমরা নতুন প্রজন্মের সামনে তুলে ধরব জন্মশতবার্ষিকীর আয়োজনে। আমাদের উদযাপন হবে প্রাসঙ্গিক ও তাৎপর্যময়। ১০ জানুয়ারি ক্ষণ গণণার মাধ্যমে শতবর্ষের প্রতীক্ষার মাহেন্দ্রক্ষণ শুরু হবে।”

এই আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আবহও ‘প্রতীকীভাবে’  ফুটিয়ে তোলা হবে। দেশ স্বাধীন হওয়ার পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু যে বিমানে করে দেশে ফিরেছিলেন, সেই আদলের একটি বিমান ক্ষণ গণনা অনুষ্ঠানে থাকবে বলে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জানান।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগে আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। এরপর শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে পৌঁছান ঢাকার পুরাতন বিমানবন্দরে।

লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়ে যায়। সেই দিনটি বাংলাদেশ পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে।

ঐতিহাসিক সেই দিনে তেজগাঁও বিমানবন্দরে যা ঘটেছিল, তার আবহ ক্ষণ গণনার অনুষ্ঠানে থাকবে বলে জানান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের।

পুরনো খবর:

মুজিববর্ষ: ক্ষণ গণনার আয়োজনে সুযোগ পাবে ১০ হাজার মানুষ