মুজিববর্ষ: ক্ষণ গণনার আয়োজনে সুযোগ পাবে ১০ হাজার মানুষ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা শুরু হচ্ছে তার স্বদেশ প্রত্যাবাসন দিবস- ১০ জানুয়ারি। নিবন্ধন করে সেই আয়োজনে যোগ দেওয়ার সুযোগ পাবেন অন্তত ১০ হাজার নাগরিক।
রোববার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকাল ৫টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা কার্যক্রমের উদ্বোধন করবেন।
কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ১০ জানুয়ারি ক্ষণ গণনা শুরুর অনুষ্ঠানে যেতে পারবেন ১০ থেকে ১২ হাজার সাধারণ নাগরিক। যারা যেতে চান, তারা সোমবার বিকাল ৩টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
event.mujib100.gov.bd ওয়েব পেইজে গিয়ে নিজের নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ইমেইল অ্যাড্রেস দিয়ে এই নিবন্ধন করতে হবে। সব ঠিক থাকলে ইমেইলে চলে যাবে কনফারমেশন লেটার বা প্রবেশপত্র। সেটা প্রিন্ট করে ভেন্যুতে নিয়ে যেতে হবে।
কামাল চৌধুরী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্জন ও আত্মত্যাগের গৌরবগাথা আমরা নতুন প্রজন্মের সামনে তুলে ধরব জন্মশতবার্ষিকীর আয়োজনে। আমাদের উদযাপন হবে প্রাসঙ্গিক ও তাৎপর্যময়। ১০ জানুয়ারি ক্ষণ গণণার মাধ্যমে শতবর্ষের প্রতীক্ষার মাহেন্দ্রক্ষণ শুরু হবে।”
এই আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আবহও ‘প্রতীকীভাবে’ ফুটিয়ে তোলা হবে। দেশ স্বাধীন হওয়ার পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু যে বিমানে করে দেশে ফিরেছিলেন, সেই আদলের একটি বিমান ক্ষণ গণনা অনুষ্ঠানে থাকবে বলে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জানান।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগে আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। এরপর শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে পৌঁছান ঢাকার পুরাতন বিমানবন্দরে।
লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়ে যায়। সেই দিনটি বাংলাদেশ পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে।
ঐতিহাসিক সেই দিনে তেজগাঁও বিমানবন্দরে যা ঘটেছিল, তার আবহ ক্ষণ গণনার অনুষ্ঠানে থাকবে বলে জানান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক।
প্রধানমন্ত্রী সেদিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অফিসিয়াল লোগো উন্মোচন করবেন। এ অনুষ্ঠানের আমন্ত্রণ পাবেন দুই হাজার অতিথি।
রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা, উপজেলায় ক্ষণ গণনা যন্ত্র বসানোর কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের যৌথ সমন্বয়ে এ কাজ সম্পন্ন হচ্ছে।
সরাদেশে জেলাগুলোতে ৫৫টি এবং সিটি করপোরেশন এলাকাগুলোতে ২৮টি ক্ষণ গণনা যন্ত্র বসানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রাজধানীতে জাতীয় সংসদ ভবন এলাকা, হাতিরঝিল, উত্তরার পাশাপাশি মেহেরপুরের মুজিবনগর ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ‘বিশেষ ক্ষণ গণনা যন্ত্র’ বসানো হয়েছে।এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ যন্ত্র স্থাপনা করা হয়েছে।
১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিক আয়োজন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সেদিনের অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
সেদিন সকালে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা অংশ নেবেন জাতীয় শিশু দিবসের আয়োজনে। তারপর তিনি আসবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে।
সেই অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধুর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে হলোগ্রাফিক উপস্থাপনা ও থিম সং তৈরির কাজ চলছে বলে জানান কামাল চৌধুরী।
১৭ মার্চ মূল অনুষ্ঠানের পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতসবাজির আয়োজন। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে হবে মিডিয়া কনফারেন্স।
জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২টি স্বল্পদৈর্ঘ্য ও ১২টি প্রামাণ্যচিত্রের পাশাপাশি নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। বিশ্বের নামী সব প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হবে নানা প্রকাশনা।
কামাল চৌধুরী বলেন, “সেবা ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন সাজিয়েছি। এই আয়োজনের ২৫ শতাংশ থাকবে সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে।”
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইউনেস্কোও নানা অনুষ্ঠান আয়োজন করবে। বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত শহরগুলোতেও থাকবে নানা আয়োজন।
অন্যদের মধ্যে উদযাপন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ, অ্যাসাইনমেন্ট অফিসার আরিফুজ্জামান নুরনবী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
