গ্রামীণফোনকে টাকা দিতেই হবে: বিটিআরসি
গ্রামীণফোন নিরীক্ষা নিয়ে প্রশ্ন তুললেও তাদের কাছ থেকে ১২ হাজার ৫৮০ কোটি টাকা সরকারের পাওনা আদায়ে দৃঢ় আশাবাদী বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।
“গ্রামীণফোনকে টাকা দিতেই হবে, যতই লাফালাফি করুক,” বলেছেন তিনি।
সোমবার বিটিআরসি কার্যালয়ে টেলিকম প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন জহুরুল।
নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণফোনের কাছে রাজস্ব হিসেবে পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা চেয়ে সম্প্রতি চিঠি দেয় টেলিযোগাযাগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এর পরিপ্রেক্ষিতে গ্রামীণফোন ওই নিরীক্ষা নিয়ে প্রশ্ন তুলে ‘ভিত্তিহীন’ ওই টাকা দাবির বিষয়টি সুরাহা করতে আলোচনায় বসার জন্য বিটিআরসির প্রতি আহ্বান জানায়।
বেশ কিছু দিন ধরে এই জটিলতা চলার মধ্যে এখন কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।
টাকা না দিলে কী করবেন- প্রশ্নে তিনি বলেন, “এনওসি বন্ধ করবো, আমরা এমনকি এমন সিগন্যাল পেয়েছি, প্রয়োজনে আমরা কল ব্লক দেওয়ার, তারপর তাদেরকে লাইসেন্সের ব্যাপারে শোকজ করা ইত্যাদি।”
বিটিআরসি চেয়ারম্যান জহুরুল বলেন, “গ্রামীণফোনের অডিট একযুগের সমস্যা, প্রথমে ৩ হাজার ৩৪ কোটি টাকা ছিল, আবার অডিট হল সেই অডিটে ১৩ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। দৈনিক এটা বাড়ছে।”
নিরীক্ষকরা দুই পক্ষের কথাই শুনেছেন দাবি করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “গ্রামীণ বলতে পারবে না যে তাদের শোনেনি। যখন হেরে যায়, তখন সবাই বলে ‘আমার কথা তো শুনলো না’।
“অডিট ফাইনাল হওয়ার পর তাদের এক দেড়-বছর হয়ে গেছে। তারা ব্যাখা বিশ্লেষণ করে। আসলে টাকা দিতে চায় না।”
গ্রামীণফোনের এজিএমে নিরীক্ষার বিষয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় জুহুরুল বলেন, “বিটিআরসি রেগুলেটর রেগুলেইট করবে, ওরা বোর্ড সভায় কী বলল, কী লাফাইলো, ওতে আমাদের কিছু যায় আসে না। টাকা ওদের দিতেই হবে, যতই লাফালাফি করুক।”
কত দিনের মধ্যে এ টাকা আদায় সম্ভব হবে- সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ওরা হয়ত কোর্টে যাবে, কোর্টের নির্দেশ মানতে হবে। মাফ করার ক্ষমতা বিটিআরসির নেই।”
বড় অপারেটর হিসেবে গ্রামীণফোনকে বেকায়দায় ফেলার জন্য বা তাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠার প্রতিক্রিয়ায় বিটিআরসি প্রধান বলেন, “কখনও কোনো অপারেটরকে শত্রু মনে করি না। কোনো অপারেটর চলে যাক, তাও ভাবি না।”
গ্রামীণফোন বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। বাংলাদেশে প্রায় ১৬ কোটি মোবাইল ফোন গ্রাহকের প্রায় অর্ধেকই গ্রামীণফোনের।
অপারেটরদের ‘দেশের সম্পদ’ অভিহিত করে বিটিআরসি প্রধান বলেন, “সব কিছু হতে হবে আইন অনুযায়ী, গ্রামীণের সঙ্গে বেআইনি কোন আচরণ করিনি। হাই কোর্ট তো কখনও বলেনি বিটিআরসি আইন অনুযায়ী কাজ করেনি। বিটিআরসি যে টাকা পায় সরকারকে দেয়। বিটিআরসির কোনো লাভ নেই, স্বার্থ নেই।”
অনুষ্ঠানে টিআরএনবি সভাপতি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপু ও বিটিআরসির কমিশনাররা বক্তব্য রাখেন।
এসএমপি
‘সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার’ বা এসএমপি ঘোষণা করে গ্রামীণফোনের ওপর যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল, তা তুলে নেয় বিটিআরসি।
পরবর্তী পদক্ষেপের বিষয়ে সংবাদিকদের প্রশ্নে বিটিআরসি প্রধান বলেন, “আগামী কমিশন বৈঠকে যতটুকু ন্যায় বিচার করা যায়, গ্রাহক স্বার্থ বিবেচনা করে রেগুলেশন ব্যবস্থা করবো। আইনের ব্যাপারে যথেষ্ট সজাগ কারও প্রতি অবিচার করা হবে না। গ্রাহকের স্বার্থ সবার আগে।”
গ্রামীণফোনের গ্রাহক বেশি হওয়ায় এবং বিকল্প না থাকায় বিকল্প পথ না থাকার কথা তুলে ধরে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “আমি গ্রামীণকে ভাল করে জানি, ৬ কোটির বেশি কাস্টমার। যখন কেউ মনোপলি হয়ে যায় সে সমস্যা হয়। টেলিটককে আমরা উন্নত করতে পারি নাই, যদি পারতাম গ্রামীণকে অ্যাভয়েড করতে পারতাম।
“এ মুহুর্তে গ্রামীণকে অ্যাভয়েড করা সম্ভব না। ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং ৪০ হাজাবের বেশি লোক কাজ করছে। হঠাৎ তাকে বাদ দেওয়া সম্ভব না। সব ব্যালেন্স করে চলতে হবে, আর মানুষকে তো টেলিকম সার্ভিসটা পেতে হবে। তাই গ্রামীণকে কতটুকু রেগুলেট করা যায় এবং কতটুকু পরিবেশবান্ধব করা যায় এটি কন্টিনিউয়াস বিষয়।”
সবার প্রতি সমান আচরণের প্রতিশ্রুতি দিয়ে জহুরুল হক বলেন, “কোন কোন সেক্টরে এসএমপি করা যাবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা হবে।”
গত ১০ ফেব্রুয়ারি বিটিআরসি গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) ঘোষণা করে। ফলে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন দেওয়াসহ কিছু বিধিনিষেধ আরোপিত হয় গ্রামীণফোনের ওপর, যা ১৮ ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানানো হয়।
টেলিযোগাযোগ ব্যবসায় একক আধিপত্য তৈরির অবস্থা যাতে তৈরি না হয়, তা নিশ্চিতে গতবছর নভেম্বরে এসএমপি প্রবিধানমালা জারি করে বিটিআরসি।
সেখানে বলা হয়, কোনো মোবাইল অপারেটরের গ্রাহক সংখ্যা, বার্ষিক রাজস্ব বা বরাদ্দ পাওয়া তরঙ্গের পরিমাণ বাজারের মোট হিস্যার ৪০ শতাংশের বেশি হলে তাকে ‘সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা এসএমপি ঘোষণা করা যাবে।
ওই কোম্পানি দানবীয় আকার নিয়ে যাতে বাজার গ্রাস বা প্রতিযোগিতার পথ রুদ্ধ করতে না পারে, সেজন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে নীতিমালায়, যা গ্রামীণফোনের ক্ষেত্রে প্রয়োগ করে বিটিআরসি।
অবশ্য গত মার্চে তা প্রত্যাহার করে বিটিআরসি এবং ‘তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা’ সম্পন্ন অপারেটর হিসেবে গ্রামীণফোনের করণীয় ও বর্জনীয় বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় বেঁধে দিয়েছিল বিটিআরসি।
