চালু হচ্ছে ডেটাবেইজ, বন্ধ করা যাবে চুরি যাওয়া ফোন
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল হ্যান্ডসেটের তথ্য নিয়ে একটি ডেটাবেইজ চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে বৈধ ও অবৈধ সেট যাচাইয়ের পাশাপাশি চুরি বা ছিনতাই হওয়া ফোন বন্ধ করার সুযোগ তৈরি হবে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার এ ডেটাবেইজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।
“একজন গ্রাহক জেনে নিতে পারবেন তার মোবাইল ফোনের তথ্য এই ডেটাবেইজ আছে কি না। অন্যান্য সেবাও তিনি নিতে পারবেন। কী প্রক্রিয়ায় সেই সেবা পাওয়া যাবে তা উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
কারও ফোন চুরি বা ছিনতাই হয়ে থাকলে এবং সেই হ্যান্ডসেটিটি বাংলাদেশে বৈধভাবে আমদানি বা তৈরি করা হয়ে থাকলে এই ডেটাবেইজ ব্যবহার করে তিনি সেটি বন্ধ বা লক করে দিতে পারবেন। ফোনটি ফেরত পাওয়ার প্থও তৈরি হবে তার সামনে।
এই ডেটাবেইজ তৈরি হবে বৈধভাবে আমদানি করা ও দেশে তৈরি সব মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেনটিটি বা আইএমইআই নম্বর নিয়ে।
একটি বৈধ ফোন সেটের জন্য ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর দেওয়া থাকে। মোবাইল ফোনের কি-প্যাডে *#০৬# পরপর চাপলে ওই মোবাইল ফোনের বিশেষ এই সনাক্তকরণ নম্বরটি পর্দায় ভেসে ওঠে।
দুটি আসল ফোনের আইএমইআই নম্বর কখনও এক হয় না। নকল ফোনে আইএমইআই নম্বর থাকে না, থাকলেও সেটি হয় জাল। সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে এ ধরনের আইএমইআই নম্বরবিহীন সেটই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ।
আর আইএমইআই ডেটাবেইজ চালু হলে মোবাইল ফোনের অপব্যবহার ও অপরাধ কমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশে বৈধভাবে আমদানি বা তৈরি করা মোবাইল ফোন হ্যান্ডসেটের ডেটাবেইজ তৈরি এবং অবৈধ ফোনের ব্যবহার বন্ধ করতে গত মে মাসে একটি পদ্ধতির অনুমোদন দেয় বিটিআরসি। এর অংশ হিসেবে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনকে (বিএমপিআই) ডেটাবেইজ তৈরির অনুমতিপত্র দেওয়া হয়।
সরকারি কোনো পরিসংখ্যান না থাকলেও ব্যবসায়ীদের হিসাবে, বাজারে যেসব মোবাইল হ্যান্ডসেট আছে, তার প্রতি তিনটির একটিই নকল বা অবৈধ।
তাদের হিসাবে প্রতি বছর এক কোটির বেশি অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বাজার আসছে, যার বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা।
আরও খবর
