বেনারসি পল্লীতে হতাশা
বেনারসি, জামদানি, কাতান, সিল্ক, জর্জেট, তাঁতসহ বিভিন্ন ধরনের শাড়ির জন্য জনপ্রিয় মিরপুরের বেনারসি পল্লীতে এখন ক্রেতার খরা, যা নিয়ে হতাশা জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, অন্যান্য বছর রমজান মাসের অর্ধেকের এই তাদের বেশ বেচাবিক্রি হয়। এবার খুবই খারাপ অবস্থা।
এর জন্য মিরপুরে মেট্রোরেলের নির্মাণকাজকে দুষছেন তারা। মিরপুর থেকে আগারগাঁও পর্যন্ত সড়কের মেট্রোরেল প্রকল্পের কাজ চলায় দুই পাশে কমে এসেছে যানবাহন চলাচলের জায়গা। নিয়মিত যানজটের ভোগান্তিও পোহাতে হচ্ছে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের।
বুধবার বেনারসী পল্লীতে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকান ক্রেতাশূন্য। ক্রেতার অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। কয়েকটি দোকানে গিয়ে দুই-একজন ক্রেতার দেখা মেলে।
এই অবস্থায় হতাশা প্রকাশ করে বেনারসি পল্লীর ‘রূপ মোহিনী গ্যালারি’র বিক্রয়কর্মী বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তাঘাটের যে অবস্থা, এতো জ্যাম পার হয়ে কাস্টমার আসবে কী করতে? বাসার কাছে যে মার্কেট পায় সেখান থেকেই তো কিনবে।”
পল্লীর আরেক দোকান ‘বেনারসী রূপ সিঙ্গার’র মালিক সাইফুল ইসলাম জসিমও মনে করেন, মেট্রোরেলের নির্মাণকাজ চলায় রাস্তায় যানজটের কারণে এ দিকটায় ক্রেতা সমাগম কম।
“যাওয়া-আসাতেই তো পাঁচ-ছয় ঘণ্টার বেশি সময় লাগবে। এসব কারণে হয়ত আসে না।”
জসিম বলেন, তাদের কিছু নিয়মিত ক্রেতা থাকায় কিছু বিক্রি হচ্ছে। তা না হলে ‘অন্যান্য দোকানের মতো খালিই’ দেখা যেত তাদের দোকান।
আরেক দোকানের বিক্রয়কর্মী বাদশা বলেন, “আমাদের সব সময়ই কিছু বিক্রি হয়। কিন্তু এ বছর অবস্থা বেশি খারাপ।
“শুক্র-শনিবারও বেশ কিছু কাস্টমার ছিল। কিন্তু এখন তো দেখছেন একদম খালি দোকান।”
মূলত বিয়ের শাড়ির জন্য বেনারসি পল্লী ‘প্রথম’ পছন্দ হলেও এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায়।
বিক্রেতা বাদশা জানান, ঈদ উপলক্ষে নিজস্ব কারখানায় তৈরি মিরপুরী কাতানের পাশাপাশি কারওয়া কাতান, ফুলের কাজ করা সানফ্লাওয়ার কাতান, বিভিন্ন ডিজাইনের ঢাকাই মসলিন, জামদানি, ধূপিয়ান, তসরের শাড়িগুলো নতুন এসেছে।
মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের বাসিন্দা মল্লিকা এসেছেন বিয়ের অনুষ্ঠানের জন্য শাড়ি কিনতে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের পরের সপ্তাহে ভাইয়ের বিয়ে। সেই শাড়ি কিনতে এসেছি।”
জসিম জানান, এবার ঈদে নতুন আসা শাড়ির মধ্যে রয়েছে মেঘদূত কাতান, ঘাড্ডি কাতান, চেন্নাই সিল্ক, সাউথ কাতান, মসলিন, ঢাকাই জামদানি, তাঁত জামদানি, কানিয়াচল শাড়ি।
আরেক দোকানের বিক্রয়কর্মী ফয়সাল জানান, ঈদে কটন জামদানি ও কাতানের শাড়িগুলো বেশি চলে। তারা কাঞ্জিভরম, কাতান, গাদোয়ান সিল্ক শাড়িও বিক্রি করছেন।
তিনি বলেন, “আড়াই হাজার টাকা থেকেই ভালো শাড়িগুলো পাওয়া যাবে। আমরা শাড়ির দাম কিছুটা কম রাখি।”
ক্রেতা কম হওয়ার জন্য যানজটের পাশাপাশি ঈদের আগে ভারতীয় ভিসা দেওয়াকেও দুষছেন দোকানিরা।
ক্রেতারা ভারত থেকে সহজে কেনাকাটা করতে পারায় মার্কেটে বিক্রি কমছে বলে মনে করেন মোহাম্মদীয়া সিল্ক হাউজ-২ এর বিক্রেতা আলাল।
ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রিপোর্ট করে লাভ কী? এই ঈদের মৌসুমে ভিসা দিচ্ছে ইন্ডিয়ার। তাহলে আমরা ব্যবসা করব কীভাবে? আমাদের কথা তো সরকার চিন্তা করে না। আমাদের এই অবস্থার জন্য প্রশাসন দায়ী।
তারপরও ক্রেতা না থাকায় তিনি বলেন, “এমন তো না যে আমরা শাড়ি দিতে পারছি না। কাস্টমারই আসছে না। দিব কাকে?”
তবে ঈদের আগে জুনের প্রথম দিকে ‘বেতন-বোনাস’ পেলে হয়ত ক্রেতারা ভিড় করবেন বলে আশা করছেন বেনারসি পল্লীর দোকানিরা।
আরও খবর-
