২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৪ জেলায় বাংলালিংকের ফোর জি ‘৩ মাসেই’

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের সব জেলা শহরকে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ফোর-জির আওতায় আনার ঘোষণা দিয়েছেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 08:14 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

সোমবার ঢাকার গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’ এ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ মার্কেটিং অফিসার মাইক মাইকেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নেওয়ার পর ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে এই সংবাদ সম্মেলনে আসেন এরিক অস।

তিনি বলেন, “এ মাসে বাংলালিংক বেশ কিছু মাইলফলক অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ফোর-জি নেটওয়ার্ক সংযোগ ও উন্নততর কাভারেজ প্রদানে ভূমিকা রাখবে।

“নিয়ন্ত্রণকারী সংস্থা বিভাগীয় শহরগুলোতে ফোর জি সম্প্রসারণের জন্য ৩৬ মাসের সময়সীমা দিলেও আগামী তিন মাসের মধ্যেই আমরা জেলা শহরগুলোতে ফোর জি সম্প্রসারণ করতে পারব বলে আশা করছি।”

গ্রাহকদের উন্নততর ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্যে বাংলালিংক চলতি মাসে ৩০০০ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে বলেও জানান এরিক অস।

আগামী তিন বছরের মধ্যে আরও একশ কোটি ডলার বা আট হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলালিংক স্পেকট্রাম নিলামে অংশ নিয়ে ২১০০ মেগা হার্টজ ব্যান্ডের ৫ মেগা হার্টজ স্পেকট্রাম ও ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডের ৫.৬ মেগা হার্টজ স্পেকট্রাম কিনেছে।

এরিক অস বলেন, সংযোজিত এই স্পেকট্রাম বাংলালিংকের মোট স্পেকট্রামের পরিমাণ ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করেছে। এর ফলে দেশের প্রধান তিনটি অপারেটরের মধ্যে গ্রাহক প্রতি স্পেকট্রাম প্রদানের দিক থেকে বাংলালিংক শীর্ষ স্থানে রয়েছে।

“নেটওয়ার্কের ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধির ফলে এখন আমরা গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ প্রদানে সক্ষম, যা তাদের কাছে বিভিন্ন ডিজিটাল সার্ভিসের ব্যবহার আরও সহজ করে তুলবে।”

ফোর জি সেবা চালুর মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট গ্রাহকদের জিরো-বাফার এইচডি ভিডিও স্ট্রিমিং, এইচডি কোয়ালিটির ভিডিও কলিং, হাই ফিডেলিটি মিউজিক স্ট্রিমিংয়ের সুবিধা দেবে বলে জানান বাংলালিংক সিইও।

তিনি বলেন, আগামী রোজার আগেই দেশের ৩০ শতাংশ এলাকা ফোর জি নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য তাদের।

নেদারল্যান্ডসভিত্তিক ভিওন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের বাংলাদেশে গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৪ লাখের বেশি।