২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য-প্রযুক্তি খাতও যেন বিদেশিদের দখলে না যায়: পলক

টেলিযোগাযোগ খাতের মতো তথ্য-প্রযুক্তি খাতও যেন বিদেশি বিনিয়োগের কোম্পানির দখলে না যায় সে বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 07:33 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পলক বলেন, “আমরা ওপেন ইকোনমি ও ওপেন মার্কেটে বিশ্বাস করি, আমরা কাউকে বাধা দিতে পারব না। আমরা চাই বিদেশি কোম্পানি এসে বাংলাদেশকে যেন গ্রাস করতে না পারে সেজন্য আমাদের একটু সাবধান হতে হবে।”

টেলিকম খাতে বিদেশি কোম্পানিগুলোর আধিপত্যের কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে লিড করছে লোকাল ব্যাংকগুলো, টেলিকম সেক্টরে লিড করছে বিদেশি কোম্পানিগুলো। তবে ইন্ডিয়াতে লোকাল কোম্পানিগুলো রিল্যায়েন্স, টাটা কিংবা এয়ারটেল লিড করছে। এখানে আমরা যদি সেই পরিবেশ, পলিসি, রেগুলেটরি সৃষ্টি করতে পারি, তাহলে সে সুযোগটা তৈরি করতে পারি।

“ব্যাংকিংটা পেয়েছি টেলিকমটা পাইনি। আইসিটিতে আমরা সে ভুল করতে চাই না।”

বাংলাদেশে মোট মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি সাত লাখের বেশি, যার অধিকাংশই বিদেশি বিনিয়োগের বিদেশি নিয়ন্ত্রণাধীন কোম্পানির গ্রাহক। ৬ কোটি ৩৯ লাখ গ্রাহক নিয়ে সবার উপরে আছে গ্রামীণ ফোন, তারপরে রবির গ্রাহক চার কোটি ১২ লাখের বেশি, তৃতীয় অবস্থানে থাকা বাংলা লিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ২৪ লাখের কাছাকাছি। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৩২ লাখের কিছু বেশি।  

বিদেশি কোম্পানির সঙ্গে দেশি কোম্পানির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “উবার যেমন মার্কেটে প্রবেশ করে ভেইকল শেয়ারিং থেকে মটরবাইকে চলে আসতে বাধ্য হল কারণ তাকে কমপিট করেছে আমাদের পাঠাও লোকাল প্রডাক্ট। ফুডপান্ডা একটি জয়েন ভেঞ্চার কোম্পানি তাকে কমপিট করছে হাঙ্গরি নাকি।

“আমরা চাই আমাদের দেশে অ্যামাজন, আলীবাবা, ফ্লিপতকার্ডের মতো আজকের ডিল বিডিজবস আস্তে আস্তে গ্রো করবে।”

বাংলাদেশের সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানিগুলো বিদেশে কাজ করছে জানিয়ে পলক বলেন, আইটি খাতে আয় আট বছরে ২৬ থেকে ৮০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

“পলিসি ইমপ্রুভমেন্টের মাধ্যমে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আইটি খাতে দ্রুত প্রবৃদ্ধি হবে, চূড়ান্ত টার্গেট ৫ বিলিয়ন ডলার ২০২১ সালের মধ্যে এবং ২০ লাখ ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে।”

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়া ২৯ নভেম্বরের মধ্যে চূড়ান্ত হওয়ার পর তা খুব শিগগির মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

“আমি ব্যক্তিগতভাবে মনে করি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৫০ শতাংশ এগিয়ে গেছি। তবে ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্মকে দিয়ে আমাদের অগ্রগতির প্রতিবেদন করিয়ে নিলে বেশি গ্রহণযোগ্য হবে।”

তথ্য প্রযুক্তি খাতে অফুরন্ত সম্ভাবনার কথা তুল ধরে তিনি বলেন, “আইটিতে আমরা যদি রাইট হিউম্যান রিসোর্স এবং রাইট পলিসি তৈরি করতে পারি তাহলে আনলিমিটেড সম্ভাবনা রয়েছে।”

চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে প্রযুক্তি খুবই দ্রুত পরিবর্তিত হচ্ছে জানিয়ে পলক বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সফটওয়্যার রপ্তানি, হার্ডওয়্যার খাতে শুল্ক হ্রাস, সবার জন্য ইন্টারনেট সংযোগ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্ট্রাপ্রেনিওরশিপ, ই-গভার্নেন্স, তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান, হাই টেক পার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, মিশন ১ বিলিয়ন, টেন প্লাস টেন স্ট্রাটেজিসহ নানা বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদি ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বক্তব্য রাখেন।