এআইয়ে দক্ষ জনবল তৈরিতে জোর পলকের
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর দেওয়ার কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্তিতে সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
পলক বলেন, “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বদৌলতে রোবোটিকস কর্মসংস্থানের হার কমিয়ে দিতে শুরু করেছে; বিজনেস প্রসেস আউটসোর্সিং এখন হুমকির মুখে। ভারতে কয়েক বছরে ২০ শতাংশ কর্মসংস্থান কমে গেছে।
“পৃথিবীর কোনো দেশে আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স আর সাইবার সিকিউরিটি এক্সপার্ট পর্যাপ্ত নাই। আমাদের এই এখন এই দিকটি মাথায় রেখে এআইয়ের উপর গুরুত্বারোপ করতে হবে।”
আইডিইবির ৪৭ বছর পূর্তি উপলক্ষে ‘টু বিল্ড সিকিউর আইসিটি ফর এসডিজি: রোল অব মিড লেভেল ইঞ্জিনিয়ার্স’ শিরোনামের কর্মশালার উদ্বোধনীতে অতিথির বক্তব্যে ডিসরাপটেড টেকনোলজিসের দিকে মনোযোগ দেওয়ার কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “ডিসরাপটেড টেকনোলজিসগুলোর দিকে আমাদের মনযোগ দিতে হবে। আশা করি, ২০২১ সালের মধ্যে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারব। বাংলাদেশ তখন সারা বিশ্বের গন্তব্যের পরিণত হবে।”
প্রযুক্তি দুনিয়ার হালহকিকত তুলে ধরে কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাসে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ে নতুন পাঠ্যসূচি প্রবর্তনের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী পলক।
ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীদের পাঠ্যসূচি প্রবর্তন বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে পলক বলেন, “এসডিজি গোল বাস্তবায়নে সবচেয় গুরুত্বপূর্ণ হল- ইন্টারনেট অব থিংস, বিগ ডাটা এনালাইসিস, থ্রিডি প্রিন্টার, অটোমেটেড ও ভার্চুয়াল রিয়েলিটি।
“আমরা ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশনে প্রবেশ করছি। দেশের পাঁচ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের জন্য ডিজরাপটেড টেকনোলজিসগুলোর জন্য আইসিটি ডিভিশন থেকে কোর্স, ট্রেনিং ও কারিকুলাম ডিজাইন করতে চাই।”
আইসিটি বিভাগের হাইটেক পার্ক অথরিটি, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) নতুন সিলেবাস প্রণয়নে সহায়তা করবে জানিয়ে তিনি বলেন, তিন থেকে নয় মাস... ক্ষেত্র বিশেষে ২৪ মাস পর্যন্ত এই ‘টপ আপ’ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আইসিটি বিভাগ।
ইন্টারনেটের সহজলভ্যতার পাশাপাশি প্রযুক্তি মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে ই-গভার্নেন্স প্রতিষ্ঠা করা সহজতর হবে বলেও মনে করেন তিনি।
পলক বলেন, “এসব কিছু ঠিক থাকলে আশা করব, ২০২১ সালের মধ্যে ৫ মিলিয়ন ডলারের এক্সপোর্ট টার্গেট আমরা পূরণ করতে পারব। সেই সাথে ২০ লাখ তরুণের জন্য নতুন কর্মসংস্থানও তৈরি করতে পারব।”
অনুষ্ঠানে আইডিইবি প্রেসিডেন্ট এ কে এম এ হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পলিসি এডভাইজর আনির চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে আইডিইবির আইসিটি সেলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ হোসেন ‘মিড লেভেল ইঞ্জিনিয়ার্স রোল টু সিকিউর আইটি ইনফ্রাস্ট্রাকচারস’ এবং আইসিটি সেলের এডভাইজর শাহ আলম মজুমদার ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অফ অক্যুপেশন: রোল অ্যান্ড ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস অব মিড লেভেল আইটি প্রফেশনালস ইন বাংলাদেশ’ শিরোনামে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
