২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসবাসের জন্য পছন্দের শীর্ষে উত্তরা: লামুদি

রাজধানীতে বসবাসের জন্য উত্তরা এলাকা পছন্দের শীর্ষে রয়েছে বলে জানিয়েছে আবাসন কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম লামুদি ডটকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 05:54 PM

Updated : 11 Oct 2022, 02:32 PM

রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় উওরায় অ্যাপার্টমেন্ট, প্লট, বাড়ি ও ব্যবসায়িক সম্পত্তি ক্রয়ে ক্রেতারা বেশি আগ্রহী হচ্ছেন বলে প্রতিষ্ঠানটির এক গবেষণায় উঠে এসেছে।

২০১৫ থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে লামুদি বাংলাদেশের কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক অ্যান মারিয়া হারমেনস জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দেশের আবাসন ও সম্পত্তির ‘বাজার গবেষণা’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণার তথ্য তুলে ধরেন তিনি।

গবেষণায় পাওয়া তথ্যের আলোকে অ্যান জানান, ক্রেতা চাহিদায় এগিয়ে রয়েছে বনানী, উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা।

আধুনিক পরিকাঠামো ও সাশ্রয়ী মূল্যের কারণেই উত্তরা অন্য সব এলাকা থেকে এগিয়ে রয়েছে বলে অনুষ্ঠানে মত দেন বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান।

তিনি বলেন,  “উত্তরা এলাকায় অ্যাপার্টমেন্ট-ফ্ল্যাট কিনতে প্রতি বর্গফুটের দাম পরে ছয় থেকে নয় হাজার টাকা, অন্যদিকে বনানী ও ধানমণ্ডি এলাকায় দাম শুরু হয় ১০-১২ হাজার টাকা থেকে।”

অনুষ্ঠানে ২০৩৫ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা সাড়ে তিন কোটিতে ঠেকবে জানিয়ে ডেভেলপার ও ক্রেতাদের ‘সেকেন্ডারি সিটি’ হিসেবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ ও খুলনার দিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

লামুদি ডটকম বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে।