চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত: স্বাস্থ্যমন্ত্রী
দেশে মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হয় বলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
নাসিম জানান, দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে।
সংসদ অধিবেশন কক্ষ (ফাইল ছবি)
“এছাড়া ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর ২০১৬ এর মধ্যে ৬১টি পদের রেজিস্ট্রেশন বাতিল ও ১৪টি পদের রেজিস্ট্রেশন সাময়িক বাতিলসহ প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।”
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ওষুধ প্রস্তুতকারী কারখানার সংখ্যা ৮৫১টি। এর মধ্যে অ্যালোপেথি ২৬৬টি, ইউনানি ২৬টি, আয়ুর্বেদিক ২০৭টি, হোমিওপ্যাথি ৭৯টি ও হার্বাল ৩২টি।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে অনুমোদিত ২৬ হাজার ৯১০টি ব্র্যান্ডের অ্যালোপেথিক ওষুধের বাজারে রয়েছে।
দিলারা বেগমের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৪৫৯টি। এর মধ্যে রংপুর বিভাগে ৫১টি, রাজশাহী বিভাগে ১৩৫টি, খুলনা বিভাগে ৮৩টি, বরিশাল বিভাগে ২০টি, ঢাকা বিভাগে ৮৯টি, ময়মনসিংহ বিভাগে ১৭টি, সিলেট বিভাগে ১৩টি এবং চট্টগ্রাম বিভাগে ৫১টি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার প্রশ্নোত্তর টেবিল উত্থাপিত হয়।
