বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বিশেষ অফার
ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে সর্বনিম্ন মূল্যে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, “যাত্রী সেবার মান নিশ্চিত করে সর্বনিম্ন ২০ হাজার ৬০ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।”
পর্যটকদের চাহিদা ও প্রতিযোগিতামূলক ভাড়ায় সব শ্রেণির যাত্রীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে আকষর্ণীয় এ ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত বলেও জানান তিনি।
এছাড়া বাড়তি সুবিধা হিসেবে বিনাশুল্কে অতিরিক্ত ল্যাগেজ নেওয়ার সুবিধা দেওয়ার কথা বিমান বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ইকোনমি ক্লাসে ঢাকা থেকে ব্যাংকক রুটে চেক ব্যাগেজে ২০ কেজির জায়গায় ৩০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে সাত কেজি মালামাল বহন করতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রীরা চেক ব্যাগেজে ৪০ কেজি মালামাল বহন করতে পারবেন।
এছাড়া ফিরতি ব্যাংকক-ঢাকা ফ্লাইটের ইকোনমি ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক ব্যাগেজে মালামাল নিতে পারবেন, সেই সাথে হ্যান্ড ব্যাগেজে সাত কেজি মালামাল বহন করার সুযোগ থাকছে বলেও জানান কোম্পানিটির জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইসনস প্রতি সপ্তাহে ছয়দিন ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করে। সোমবার ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে বেলা ১১টা ০৫ মিনিটে ফ্লাইট ছেড়ে ব্যাংককে স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে অবতরণ করে।
রোব, মঙ্গল ও শনি বার ঢাকা থেকে বেলা ১১টা ৫৫ মিনিটে ছেড়ে ব্যাংকক পৌঁছে বিকাল ৩টা ৩৫ মিনিটে। এছাড়া বুধ ও শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে গিয়ে ব্যাংকক পৌঁছে বিকাল ৩টা ১০ মিনিটে।
ব্যাংকক থেকে সোম, বুধ ও শুক্রবারে বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে অবতরণ করে সন্ধ্যা ৬টায়। মঙ্গল, শনি ও রোববারে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে বিকাল ৪টা ৩৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
বর্তমানে বহরের নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
