২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে রবি-টেন মিনিট স্কুল

শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে অনলাইন কুইজ, ফেইসবুকের মাধ্যমে লাইভ ক্লাস, স্মার্ট-বুক ও কথোপকথনমূলক ভিডিওসহ টেন মিনিট স্কুলের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা হল ‘ডিজিটাল আইল্যান্ড’ মহেশখালীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

মোবাইল ফোন অপারেটর রবি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর শিক্ষার্থীদের কাছে গত ২৭ এপ্রিল রবি-টেন মিনিট স্কুলের বিভিন্ন ফিচার তুলে ধরেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। ওই দিন আইল্যান্ডটিকে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়মান মহেশখালী আইল্যান্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে অনলাইন কুইজ, ফেইসবুকের মাধ্যমে লাইভ ক্লাস, স্মার্ট-বুক ও কথোপকথনমূলক ভিডিওসহ টেন মিনিট স্কুলের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করেন।

এসময় আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ও কোরিয়া টেলিকমর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে পলক রবি-টেন মিনিট স্কুলের ফেইসবুক পেজে সরাসরি (লাইভ) কথা বলেন। মহেশখালীর জনগণের কাছে ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মটি তুলে ধরার জন্য রবি-টেন মিনিট স্কুলকে অভিনন্দন জানান তিনি।

এর আগে গ্রাহকদের জন্য রকেটের সাথে যৌথ উদ্যোগে আইল্যান্ডটিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) কার্যক্রম শুরু করে রবি।

৩০ হাজারের বেশি নিয়মিত শিক্ষার্থী এবং ফেইসবুকে ৩ লাখ ৭০ হাজার সাবস্ক্রাইবার নিয়ে রবি-টেন মিনিট স্কুল (www.10minuteschool.com) দেশের বৃহত্তম অনলাইন স্কুল।

কর্পোরেট দায়বদ্ধতার আওতায় অনন্য এই অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি। জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের (এইচএসসি) শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সামগ্রিক শিক্ষা সহায়িকা প্রদান করেছে প্ল্যাটফর্মটি।

প্রতিদিন অনুষ্ঠিত রবি-টেন মিনিট স্কুল লাইভ কোচিং ক্লাসে ৩ লাখ ১৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গড়ে দৈনিক শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারের বেশি। এছাড়া প্রায় ১ লাখ ২৫ হাজার ইউটিউব সাবস্ক্রাইবার তাদের সুবিধামতো সময়ে রবি টেন মিনিট স্কুলের শিক্ষামূলক ভিডিও দেখছেন।