নিট শিল্পে সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিতে সহায়তা দেবে আইএলও
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর মাধ্যমে এ খাতে সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
একইসঙ্গে স্যোসাল ডায়ালগের মাধ্যমে একটি সুশৃঙ্খল শিল্প চেইন গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে আইএলও এবং বিকেএমইএর।
বুধবার রাজধানীর বাংলামটরে বিকেএমইএ কার্যালয়ের সম্মেলন কক্ষে আইএলও এবং বিকেএমইএর মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি এএইচ আসলাম সানি। আইএলওর প্রতিনিধি হিসেবে সভায় সিনিয়র স্পেশালিস্ট রাভি পেরিস, স্পেশালিস্ট অন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস মিরান্ডা ফ্যাজারমেন এবং প্রোগ্রাম ম্যানেজার ওতোমো পুতেনিন উপস্থিত ছিলেন বলে বিকেএমইইর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাভি পেরিস বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ স্বাক্ষরিত আইএলও কনভেনশনগুলো বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিশেষ করে নিট শিল্পখাতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ অনেকাংশে সফলতা অর্জন করেছে।
তবে তিনি সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখার জন্য শিল্পকারখানাগুলোতে শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা দেওয়া, জীবন মানের উন্নয়নে সহায়তা এবং সর্বোপরি সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি গঠনে উদ্যোক্তা বা মালিকদের বিশেষভাবে নজরদারি বাড়ানোর অনুরোধ জানান।
মিরান্ডা ফ্যাজারমেন বলেন, “সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ অনেকাংশে এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে জোরালো পদক্ষেপ প্রয়োজন। আইএলও সম্ভাব্য সব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।”
বাংলাদেশের পোশাকশিল্পে আইএলও কনভেনশন বাস্তবায়নের বিষয়টিকে ইনডিভিজুয়াল কেস হিসেবে গণ্য করা হয়েছে।
এএইচ আসলাম সানি উদ্যোক্তা ও মালিকদের গঠনমূলক ভূমিকার পাশাপাশি সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখার জন্য শ্রমিক সংগঠনগুলোর আন্তরিকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি নিট শিল্পখাতে বিদ্যমান সংস্কার কার্যক্রমের তথ্যবহুল বর্ণনা দেন, যাতে ২০১৩ সালের পর থেকে নিট খাতে অভূতপূর্ব স্ট্রাকচারাল রিফর্মের বিষয়টি তুলে ধরেন।
সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক অসন্তোষ নিরসনে আন্তর্জাতিক শ্রম সংস্থার নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর দ্বিতীয় সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি জি এম ফারুক, মোস্তফা জামাল পাশা, এমআই সিদ্দিক (সেলিম মাহবুব), শহিদ উদ্দীন আহমেদ আজাদ ও সুলভ চৌধুরী প্রমুখ।
