২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ লাখের বেশি মানুষের কাছে ‘টনিক’

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও টেলিনর হেলথের ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ ২০ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 06:18 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

সোমবার অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গত বছরের ডিসেম্বরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটে টনিকের। ওই সময় ছয় লাখ ৩৯ হাজারের বেশি গ্রামীণফোন গ্রাহক টনিক সদস্য হয়।

টনিকের প্রবৃদ্ধি ঢাকাসহ দেশের শহরাঞ্চলগুলোতে দ্রুত ছড়িয়ে যাচ্ছে দাবি করে উদাহরণ হিসেবে এর ১৯ শতাংশ সদস্য বগুড়ার ও ১৪ শতাংশ সদস্য রাজশাহীর বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬ সালে টনিকের ক্যাশ, ডিসকাউন্ট, জীবন ও ডাক্তার এই চারটি অভিনব ফিচারের প্রতিটি মানসম্পন্ন স্বাস্থ্যসেবাদানে সুযোগ বাড়াতে উন্নতি ঘটিয়েছে।

সহযোগী বিমা প্রতিষ্ঠান প্রগতি লাইফের সহযোগিতায় টনিকের আর্থিক বিমার মাধ্যমে গ্রামীণফোন ও টেলিনর হেলথ সাড়ে ৭ লাখ টাকার বেশি হাসপাতাল খরচ পরিশোধ করেছে।

টনিকের অংশীদার দুই শতাধিক হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার এবং ফার্মেসিতে ডিসকাউন্টের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা স্বাস্থ্য ও ভালো থাকার খরচ কমিয়ে আনার ক্ষেত্রে ৪০ লাখ টাকা সঞ্চয় করতে পেরেছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করে গ্রামীণফোন।

দেশজুড়ে টনিকের চাহিদা প্রসঙ্গে টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজিদ রহমান বলেন, “নতুন সব ডিজিটাল ও মোবাইল সেবা গ্রহণে বাংলাদেশিরা অত্যন্ত উৎসাহী। এর প্রমাণ তারা দিয়েছে। এ দেশের মানুষ সুস্থ ও ভালো থাকার সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত উদার। এ নিয়ে আমরা অভিভূত।”

গ্রামীণফোনের সিইও পিটার বি ফারবার্গ বলেন, “আমরা আমাদের গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা তাদের সাফল্যে অবদান রাখতে চাই। টনিকের মাধ্যমে আমরা স্বাস্থ্যের যত্ন নিতে এবং আমাদের পরিবারের ভালো থাকার জন্য ডিজিটাল ও মোবাইল প্রযুক্তি খাতে আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি।”

মোবাইল প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে যাত্রা শুরু করে টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টেলিনর হেলথ।

গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে টেলিনর হেলথ সকল সক্রিয় গ্রামীণফোন গ্রাহককে বিনামূল্যে টনিক সদস্য হওয়ার সুযোগ দিচ্ছে।

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা টনিক অ্যাপের মাধ্যমে অথবা টনিকের ইউএসএসডি কোড *৭৮৯# ডায়াল করে তাৎক্ষণিকভাবে টনিকে নিবন্ধন করা যাবে।