২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশে চাঁদপুরের ‘ব্র্যান্ডিং’

চাঁদপুর জেলার প্রধান আকর্ষণ হিসেবে ইলিশকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পরিচিত করার লক্ষ্যে ‘চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভাল ২০১৭' নামের বিশেষ অনুষ্ঠান হয়ে গেল ঢাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 02:52 AM

Updated : 11 Oct 2022, 01:23 PM

দেশের সব জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচিতিতে মিশে থাকা যে কোনো একটি বিষয়বস্তুকে তুলে ধরে, সেটির মাধ্যমে ওই জেলার ব্র্যাভন্ডিং করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম জেলা হিসেবে চাঁদপুর 'ইলিশ মাছ' বেছে নেয়।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এই ফেস্টিভালে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন মায়া।

তিনি বলেন, ২০১৬ সালে চার লাখ মেট্রিকটন ইলিশ ধরা পড়েছে, যার বেশিরভাগ চাঁদপুর থেকে ধরা হয়েছে। ইলিশ সংরক্ষণ ও লালনে বিশেষ ভূমিকা রাখার জন্য চাঁদপুর দেশের আদর্শ।

“গত বছর ৩০০ থেকে ৪০০ টাকায় মাঝারি আকারের ইলিশ মানুষ কিনে খেতে পেরেছে, চাঁদপুরের জেলে ও প্রশাসনের সহায়তায় এটি সম্ভব হয়েছে।”

খাদ্য হিসেবে ইলিশকে সারা বছর সংরক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে ইলিশের সুনাম ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মন্তব্যা করেন সংসদ সদস্য মহিউদ্দীন খান আলমগীর।

অনুষ্ঠানে ইলিশ মাছের জন্য একটি আলাদা গবেষণা ইনস্টিটিউট এবং নকশী কাঁথা, ফজলি আম ও জামদানির মতো একে একটি ‘জিওগ্রাফিকাল ইন্ডিকেটর' বানানোর দাবি জানান শাইখ সিরাজ।

‘ইলিশের বাড়ি’ চাঁদপুরে পর্যটন সুবিধা বাড়াতে সেখানে নদীকেন্দ্রিক আন্তর্জাতিক হোটেল নির্মাণের প্রস্তাব দেন শিল্পী হাশেম খান।

চাঁদপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সংসদ সদস্য ছাড়াও চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেস্টিভালে আনারস ইলিশ, অরেঞ্জ ইলিশ,ভাতে ভাপা ইলিশ, ইলিশের মালাইকারি, কোপ্তাকারি, কোর্মা, কাবাবসহ ইলিশের ৩১টি পদ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।