২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্থিক সাক্ষরতায়’ স্কুলে স্কুলে এইচএসবিসির উদ্যোগ

আয়ের উৎস, সঞ্চয়ের উপায় ও প্রয়োজনীয়তা সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে এইচএসবিসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 07:04 PM

Updated : 11 Apr 2022, 10:50 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের তিনটি স্কুলের শিক্ষার্থীদের জন্য ‘আর্থিক সাক্ষরতা বিষয়ক’ কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এইচএসবিসি ব্যাংকের সিএসআর কার্যক্রমের অর্থায়নে গৃহীত ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) ‘ফিন্যান্স শিখি, অর্থ বুঝি’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আর্থিক সাক্ষরতা বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানো ও ইতিবাচক মনোভাব তৈরি করা।

প্রকল্পের আওতায় চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক পাঠদান সেশন এবং পরবর্তীতে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পাঠদান সেশনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে টাকার সংজ্ঞা, টাকা উপার্জনের উৎস, ব্যয়ের খাত, সঞ্চয়ের প্রয়োজনীয়তা, সঞ্চয়ের উপায় এবং স্বপ্ন বাস্তবায়নে সঞ্চয়ের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।

কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।