কলকাতায় উড়ল নভোএয়ার
ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের এই রুটের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এ সময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বিমানমন্ত্রী মেনন বলেন, “আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিদেশে যেতে প্রথম গন্তব্য হিসেবে কলকাতাকে প্রাধান্য দেয়। নভোএয়ার কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করায় ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার হবে।”
হাইকমিশনার শ্রিংলা বলেন, ভারতে যেতে বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। বাংলাদেশিদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন ৯ হাজার ৯৯৯ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারন করা হয়েছে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। বিকাল ২ টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টায় পৌছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌছবে বলে নভোএয়ার জানিয়েছে।
এছাড়া ১৪ ডিসেম্বর হতে চট্টগ্রাম থেকেও কলকাতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারন করা হয়েছে। প্রতি সোমবার, বুধবার ও শনিবার সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।
