আবার খাবার বিক্রি করছে গুলশানের ইজুমি
সীমিত পরিসরে খাবার বিক্রি শুরু করেছে হলি আর্টিজান বেকারির অঙ্গপ্রতিষ্ঠান ইজুমি জাপানিজ কিচেন, যে রেস্তোরাঁটি গুলশান হামলার পর রাজউকের অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় নাম আসায় বন্ধ হয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের ১১৩ নম্বর সড়কে ইজুমি রেস্তোরাঁর সামনে গিয়ে দেখা যায় প্রধান ফটকে তালা; ভেতরে তিনজন নিরাপত্তাকর্মী বসে আছেন।
সংবাদকর্মী পরিচয় পেয়ে তারা কেউ কোনো কথা বলতে চাননি। পরে অবশ্য রেস্তোরাঁর সুপারভাইজার সোহেল রানা বের হয়ে আসেন।
তবে তিনিও প্রথমে কথা বলতে চাননি। কিছুক্ষণ পর জানান, রেস্তোরাঁ খোলা হয়নি। ক্রেতারা অর্ডার দিলে খাবার তৈরি করে দেওয়া হয়। কিন্তু খাবার নিয়ে যেতে হয় ক্রেতাকেই। নিরাপত্তার কারণে কাউকে রেস্তোরাঁর ভেতরে ঢুকতে দেওয়া হয় না।
গুলশান ২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়কে ১০ কাঠার প্লটের উপর দোতলা ভবনে গড়ে ওঠা হলি আর্টিজান বেকারি বিদেশিদের কাছে জনপ্রিয় ছিল।
গত ১ জুলাই রাতে সেখানে একদল জঙ্গি ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন কমান্ডো অভিযানে নিহত হয় ছয় জঙ্গি।
নজিরবিহীন ওই হামলার পর আবাসিক এলাকার অননুমোদিত স্কুল-কলেজ, হোটেল-রেস্তোরাঁ ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন করে উদ্যোগী হয় সরকার।
ইজুমি জাপানিজ কিচেনসহ গুলশান বনানী বারিধারায় ৫৫২টি প্রতিষ্ঠান ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
জানা যায়, কমান্ডো অভিযানে বিধ্বস্ত হলি আর্টিজানও অনুমতি ছাড়াই চলছিল।
হলি আর্টিজানের মতো ইজুমিও বিদেশিদের কাছে জনপ্রিয় দাবি করে সোহেল রানা বলেন, অনেক বিদেশিই ফোন করে জানতে চান রেস্তোরাঁ খোলা কি না।
“গত সপ্তাহে এক বিদেশি বাংলাদেশে এসেছেন। এসেই ফোন করেছেন, আমাদের রেস্তোরাঁ খোলা কি না জানতে। বন্ধ জানালে কারণ জানতে চাইলেন; কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি।”
সন্ধ্যায় তার সঙ্গে কথা বলার সময় শান্তা গ্রুপের বনানী অফিস থেকে খাবার নিতে আসেন প্রতিষ্ঠানটির গাড়িচালক জুয়েল ডি ক্রুজ।
তিনি বলেন, শান্তা গ্রুপের বিদেশি ক্রেতারা বাংলাদেশে এলে ইজুমির খাবার খান। তাদের জন্যই খাবার নিতে এসেছেন তিনি।
“আমাদের বসরা আগে এখানে প্রায়ই এসে খাওয়া-দাওয়া করতেন। গুলশানে হামলার পরে কেউ আর এখানে আসেন না। এই হোটেলটি বন্ধও ছিল। খোলার পর এখন ফোনে অর্ডার দিলে খাবার বানিয়ে দেয়। আমি এসে নিয়ে যাই।”
খাবার বিক্রি শুরুর পর ক্রেতাদের সাড়া পেলেও তা কোনোভাবেই আগের মতো নয় বলে জানান ইজুমির পরিচালক আলী আর্সালান।
“খাবার অর্ডার করার চেয়ে মানুষ একটা সুন্দর পরিবেশে বসে খেতে চায়। সেদিক হিসেব করলে অবস্থা আগের মতো নেই।”
রেস্তোরাঁ পুরোপুরি কবে খুলবে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এখনই পুরোপুরি খোলার চিন্তা করছেন না তারা।
“এ অবস্থায় আমরা রিওপেন করতে পারব না। আমাদের সিকিউরিটির ব্যাপার আছে। আমরা পুলিশের সাপোর্ট নিব। এখানে আনসারও থাকবে। এসব না করা পর্যন্ত আমরা খুলতে পারছি না।”
তাছাড়া রেস্তোরাঁটি পুরোপুরি খুলবে কি না- তা রাজউকের ওপরও নির্ভর করছে বলে জানান আলী আর্সালান।
“আমরা এখনও শিওর না, এখানে আমরা রেস্টুরেন্ট অপারেট করতে পারব, না কি রাজউক উচ্ছেদ করবে। এ সড়ককে কমার্শিয়াল ঘোষণা করার একটা কথাও শুনছি। যদি উচ্ছেদ করে তাহলে তো আর খোলার কোনো সুযোগ নেই।”
এ রেস্তোরাঁয় ৬৪ জন কর্মী কাজ করেন। পুরোদমে কাজ না থাকায় তাদের মধ্যে ১২ জনকে ছাঁটাইয়ের নোটিস দিয়েছে কর্তৃপক্ষ।
