উন্নয়ন-স্থিতিশীলতায় শক্তিশালী বাংলাদেশকে চায় যুক্তরাষ্ট্র: বার্নিকাট
যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতায় শক্তিশালী, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের’ (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের আকর্ষণীয় প্রবৃদ্ধি হচ্ছে। যা এখানকার জীবনমান, শিক্ষার স্তর এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাচ্ছে। আমি প্রায়ই একটা কথা বলি, বাংলাদেশের এই সফল যাত্রায় যুক্তরাষ্ট্র শক্তিশালী সহযোগী- এজন্য আমি গর্বিত। আরও এমন অনেক কিছু রয়েছে, যা আমরা একত্রে করতে পারি- এটা না বলে এতটুকুতেই আমি কথা শেষ করে দিতে পারি না।
“আমি এই বিষয়ে সুস্পষ্ট হতে চাই যে, যুক্তরাষ্ট্র তার উন্নয়ন ও স্থিতিশীলতার মধ্যে একটি শক্তিশালী, উন্নত, স্থিতিশীল বাংলাদেশকে চায়। কেউ যদি এ বিষয়ে সন্দেহ পোষণ করে, তাহলে আমি তার সঙ্গে এই পয়েন্টে যুক্তিতর্ক করতে চাই।”
দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আপনাদের সফলতার সংখ্যাই সাফল্যের কথা বলছে। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রায় ৭বিলিয়ন ডলার হয়েছে। এই প্রবৃদ্ধির অধিকাংশ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তা। বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র।”
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করে বার্নিকাট বলেন, “সামনের পথ খুবই স্পষ্ট। কর্মীদের অধিকার উন্নয়ন, অধিকতর নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে ভাইব্রেন্ট অর্থনৈতিক সহযোগিতার এই যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হবে।
“এমন বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে হবে, যা কোনো বৈদেশিক বিনিয়োগকারী সরাসরি অগ্রাহ্য করতে পারবেন না।”
বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ার প্রসঙ্গ তুলে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, “বাংলাদেশের দিকে তাকান, বিগত বছরগুলোতে আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে ছিল না। সামনে এটা ৭ শতাংশও হতে পারে, যেটা এখনকার পৃথিবীতে কমই পাবেন। এটা আমরা করছি, জিএসপি সুবিধা ছাড়াই।”
আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খান তার বক্তব্যে ঢাকা ও চট্টগ্রামে দুটি ‘ট্রেড সেন্টার’ স্থাপনের আহ্বান জানান।
গত ১০ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৫০ হাজার কোটি মার্কিন ডলার পাচার হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন উদ্বৃত করে হাফিজুর রহমান খান বলেন, আইবিএফবি সুদৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এদেশীয় বিনিয়োগকারীদের একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বৈধভাবে বিদেশে বিনিয়োগ করার সুযোগ দিলে তা এদেশীয় কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ ও বিশ্ববাজারে বাংলাদেশি ব্রান্ডের উন্মেষে সহায়তা করবে।
নির্দিষ্ট সময়ে বিদেশে বিনিয়োগকৃত অর্থের লভ্যাংশ এবং মূল অর্থ ফেরত নিয়ে আসার শর্তসহ বিভিন্ন বিষয় উক্ত নীতিমালায় থাকতে পারে বলে মনে করেন আইবিএফবি সভাপতি।
