২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বসে পিটিই পরীক্ষার সুযোগ

ইংরেজির দক্ষতা নির্ধারণে পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান পিয়ারসনের সঙ্গে একযোগে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান টুভ সুড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 10:38 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সম্প্রতি এই প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে তাদের পিটিই (পিয়ারসন টেস্ট অব ইংলিশ) একাডেমিক এক্সাম মডেল সম্প্রসারণের কথা জানায়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অভিভাসন বা বিদেশে পড়াশোনার জন্য পিটিই একাডেমিক হচ্ছে বিশ্বের শীর্ষ কম্পিউটারভিত্তিক ইংলিশ টেস্ট। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অথবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অভিবাসন ভিসা পেতে যে ইংলিশ দক্ষতার প্রয়োজন হয়, তার জন্য সনদ দিয়ে থাকে পিটিই একাডেমি।

অগ্রিম মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে একজন আবেদনকারী পিটিই একাডেমিক পরীক্ষা দিতে পারেন। পাঁচ কর্মদিবসের মধ্যে তিন ঘণ্টার ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, কম্পিউটারের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণকারীর লিখন, পঠন, শ্রবণ ও কথন দক্ষতা রেকর্ড করা হয়।

টুভ সুড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নিলান এজিলান বলেন, “বিদেশে পড়তে যেতে এবং অভিবাসিত হতে ইচ্ছুক এমন বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়ছে। এর ফলে ইংরেজি দক্ষতা বৃদ্ধির পরীক্ষার চাহিদাও বেড়েছে। এ লক্ষ্য পূরণের জন্যই আমরা পিয়ারসনের এর সঙ্গে এক হয়ে কাজ শুরু করেছি।”

টুভ সুড গ্রুপের মালিকানাধীন টুভ সুড সাউথ এশিয়ার একাডেমি বিভাগ ২০০৮ সাল থেকে ভারতে মানবসম্পদ উন্নয়ন খাতে কাজ করে আসছে। টেকনিক্যাল থেকে সফট স্কিল ট্রেনিং এবং দীর্ঘমেয়াদে থেকে একদিনের স্বল্পমেয়াদে অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুড, কনস্ট্রাকশন, অয়েল এবং গ্যাসের ওপর ট্রেনিং কার্যক্রম রয়েছে তাদের।