২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের ২ কোটি ৩২ লাখ গ্রাহকের পুনঃনিবন্ধন

দেশের শীর্ষ অপারেটর  গ্রামীণফোনের দুই কোটি ৩২ লাখ গ্রাহক বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, পুনঃনিবন্ধন করা গ্রাহকের সংখ্যা প্রতিষ্ঠানটির মোট গ্রাহকের ৪১ শতাংশ।

সরকারের নির্দেশনা মেনে এই কাজে অংশ নেওয়ায় গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।

গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মোবাইল অপারেটদের আঙ্গুলের ছাপ সংরক্ষণ করার বিষয়ে সম্প্রতি যে আশঙ্কা সৃষ্টি হয়েছে সে বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে গ্রামীণফোন জানিয়েছে, তাদের তথ্যভাণ্ডারে কোনো আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হয় না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আঙ্গুলের ছাপের তথ্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে ভেরিফিকেশন করা হয়। নির্বাচন কমিশন থেকে গ্রামীণফোন শুধু হ্যা/না বার্তা পায়। ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কর্তৃক সংগৃহীত আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখার জন্যই গ্রাহকদের আঙ্গুলের ছাপ নেওয়া হয়।”

যেসব গ্রাহক এখনও সিম নিবন্ধন করেননি গ্রামীণফোন তাদেরকে নিশ্চিন্তে সিম পুনরায় নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছে।

নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সিম পুনঃনিবন্ধন করতে হবে। সারাদেশে গ্রামীণফোনের ৪৩ হাজার বায়োমেট্রিক পয়েন্ট থেকে নিবন্ধন করা যাবে।

এজন্য গ্রাহকদের জাতীয় পরিচয়পত্রের কপি, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং যে সিমটি নিবন্ধন করা হবে তা সঙ্গে আনতে হবে।