২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ঢাকায় উদ্ভাবন ও উন্নয়ন প্রদর্শনী শুরু

নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও পরিবেশবান্ধব স্থাপত্যের তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ উদ্ভাবন ও উন্নয়ন প্রদর্শনী’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 09:59 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের এই প্রদর্শনীর পাশাপাশি ‘গ্রিন ইনভেস্টমেন্ট সামিট’ শীর্ষক সম্মেলনও হবে।

ওইদিন সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী ও সম্মেলনের আয়োজক ‘এক্সপোনেট এক্সিবিশন’ এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, ছয় হাজার বর্গফুটের বিশাল পরিসরে হবে তাদের সপ্তমবারের এই আয়োজন।

এতে স্থানীয় ১০০টি ও আন্তর্জাতিক ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান তিনি।

লিখিত বক্তব্যে রাশেদুল বলেন, “২২০টি স্টলে বিদ্যুৎসাশ্রয়ী শিল্প কারখানার বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব ভবন নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ও বিল্ডিং অটোমেশনসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শীত হবে।”

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, দেশের বেসরকারি খাতের ‘ইকোলজিক্যালি ব্যালেন্সড’ ও টেকসই উন্নয়নে সহায়তা করা।

“এক্ষেত্রে আমরা বিশ্বের ২৫০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ইনটেলিজেন্ট বিল্ডিং নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য শক্তি, কৃষিজ পণ্য ও যন্ত্রপাতি, সামুদ্রিক শিল্পের যন্ত্রপাতি আদান-প্রদানের অংশদারিত্বে সম্পৃক্ত হয়েছি।”

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর‌্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রদর্শনী ও সম্মেলনের সহ-আয়োজক ‘৩৬০ ডিগ্রি টোটাল সলিউশন’-এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (স্রেডা) উপ-পরিচালক নাফিজুর রহমান, এক্সপোনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।